জয়পুরহাটে ১০০ দরিদ্র পরিবারের জমিতে খাল খননের অভিযোগ
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় প্রায় ১০০ দরিদ্র পরিবারের জমির উপর খাল খননের অভিযোগ উঠেছে প্রশাসনের বিরুদ্ধে।
সোমবার জয়পুরহাট শহরে মন্ডল সুপার মার্কেট মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের সদস্যদের নিয়ে গঠিত ‘জয়পুরহাট ভূমি রক্ষা কমিটি’ এ অভিযোগ করে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পাঁচবিবি ভূমি রক্ষা কমিটির সদস্য সচিব মজিবর রহমান।
লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, পাঁববিবি উপজেলার বালিঘাটা, বীরনগর, হরিহরপুর, প্রাণনাথপুর ও দেবখন্ডা গ্রামের শতাধিক হতদরিদ্র পরিবার ১০০ বছরের বেশি সময় ধরে প্রায় ২৩ একর সম্পত্তি ভোগ দখল করে আসছেন।
এই জমিতে ইরি, আমন, আখ, পাট, ভুট্টা, সবজি ইত্যাদি ফসল চাষাবাদ করা হয়।
তাদের অভিযোগ, পাঁচবিবি পৌর মেয়র, বালিঘাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং পাঁচবিবি উপজেলা প্রকোশলী যোগসাজশে আবাদী জমিগুলোকে পৌরসভার নালা হিসেবে দেখিয়ে তা সংস্কারের জন্য এলজিইডি মন্ত্রণালয় বরাবর সুপারিশ করেন।
এ ব্যাপারে জমির মালিকগণ খাল খননের প্রকল্পটি বাতিলের জন্য স্থানীয় সরকার নির্বাহী প্রকৌশলীর কাছে আবেদন করেন।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, প্রকল্পটি বাতিলের বিষয়টি স্থানীয় সংসদ সদস্য সামছুল আলম দুদু, জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভূমি কর্মকর্তাকে জানানো হলে তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
এ নিয়ে স্থানীয় সংসদ সদস্য সামছুল আলম দুদু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জমির মালিকদের দাবির প্রেক্ষিতে প্রকল্পের কাজ এখন বন্ধ রয়েছে।
সকল পক্ষের সঙ্গে আলোচনা সমস্যা সমাধানের চেষ্টা চলছে বলে জানান তিনি।
অভিযোগ পাওয়ার বিষয়টি স্বীকার করে উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর উদ্দিন আল ফারুক বলেন, “দীর্ঘদিন ধরে ভূমিহীন প্রায় ১০০ পরিবার জমিগুলো ভোগ দখল করে আসছে, প্রকল্প গ্রহণের সময় বিষয়টি বিবেচনার দরকার ছিল।”
ভূমিহীন পরিবারগুলোর অভিযোগ ও প্রকল্পের বর্তমান অবস্থা সর্ম্পকে জানতে জেলা প্রশাসক, উপজেলা চেয়ারম্যান ও ভূমি কর্মকর্তার সঙ্গে কয়েক দফা যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ আদিবাসী সংঘের কেন্দ্রীয় সমন্বয়কারী রতন কুমার সিং, জয়পুরহাটের পাঁচবিবি ভূমি রক্ষা কমিটির আহ্বায়ক নগেন্দ্রনাথ সিং, যুগ্ম আহ্বায়ক নয়ন দাস, সদস্য ইয়াকুব আলী আকন্দ, ইউনুস আলী, মিজানুর রহমান, আজগর আলী মন্ডল, শামিম আকন্দ, মহিপুর গ্রামের সুভাষ চন্দ্র মাহাত, আব্দুল মালেক, গোলজারী সিং প্রমুখ উপস্থিত ছিলেন।
