নাটোরে বিজয়ী প্রার্থীর সমর্থকদের হামলায় যুবক নিহত
নাটোরে বড়াইগ্রামে চেয়ারম্যান পদে বিজয়ী আওয়ামী লীগের প্রার্থীর সমর্থকদের হামলায় আহত বিদ্রোহী প্রার্থীর এক সমর্থকের মৃত্যু হয়েছে।
হামলার দুইদিন পর সোমবার দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয় বলে বড়াইগ্রাম থানার ওসি মনিরুল ইসলাম জানান।
নিহত সাহাবুল ইসলাম ওরফে ভোলন (২৪) উপজেলার চামটা গ্রামের আলীমুদ্দিনের ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি মনিরুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শনিবার রাতে ভোটের ফল ঘোষণার পর চেয়ারম্যান পদে বিজয়ী আওায়ামী লীগ প্রার্থী তোজাম্মেল হকের সমর্থকরা পরাজিত বিদ্রোহী প্রার্থী আবুল কালাম আজাদের সমর্থকদের ওপর হামলা চালায়।
“এতে ভোলন আহত হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।”
ভোলার মৃত্যুর খবরে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান তিনি।
