২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সন্ত্রাস মামলার আসামি তৃতীয়বার ইউপি চেয়ারম্যান

ইউনিয়ন পরিষদ নির্বাচনে ‘আত্মগোপনে থেকেও’ তৃতীয়বারের মতো চেয়ারম্যান হলেন দিনাজপুরের বহুল আলোচিত কর্ণাই সন্ত্রাস মামলার এক আসামি।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2016, 03:36 PM

Updated : 12 Apr 2022, 02:09 AM

সদর উপজেলার চেহেলগাজী ইউনিয়ন পরিষদে নির্বাচিত এই চেয়ারম্যান হলেন বিএনপির প্রার্থী আনিছুর রহমান বাদশা। শনিবারের ভোটে তিনি নির্বাচিত হন।

দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা মঈনুল ইসলাম বলেন, বিএনপির প্রার্থী বাদশা তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে ৫৩৩ ভোট বেশি পেয়ে নির্বাচিত হয়েছেন।

“তিনি পেয়েছেন ১০ হাজার ৪৮৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের কাসেম আলী পেয়েছেন ৮ হাজার ৯৫১ ভোট।”

বাদশা মোবাইল ফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কর্ণাই সন্ত্রাস ও তাণ্ডবের ঘটনায় আমার কোনো রকম সম্পৃক্ততা ছিল না।

“আমি এলাকায় যেতে না পারলেও এবার তৃতীয়বারের মতো এলাকাবাসী আমাকে নির্বাচিত করে প্রমাণ করেছে, আমি কোনো সন্ত্রাসী না। আমি রাজনৈতিক প্রতিহিংসার শিকার।”

প্রতিনিধিদের মাধ্যমে মনোনয়নপত্র জমাসহ নির্বাচনী কাজে অংশ নেন বলে দাবি করেন নবনির্বাচিত এই চেয়ারম্যান।

কোতোয়ালি থানার ওসি এ কে এম খালেকুজ্জামান জানান, ২০১৪ সালের ৫ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে চেহেলগাজী ইউনিয়নের কর্ণাই গ্রামে দুর্বত্তরা আওয়ামী লীগ সমর্থিত লোকজনসহ হিন্দু সম্প্রদায়ের উপর হামলা ও আগুন দেওয়াসহ লুটপাট করে।

“এ ঘটনায় অন্যদের সাথে আনিছুর রহমান বাদশাকেও আসামি করা হয়। তখন থেকেই তিনি গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে রয়েছেন।”