ব্যাংকের সিঁড়িতে গুলি করে ছিনতাইয়ের অভিযোগ
ঝিনাইদহ শহরের পূবালী ব্যাংকের সিঁড়িতে এক ফিলিং স্টেশনের ম্যানেজারকে গুলি করে ‘১০ লাখ ৮ হাজার’ টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে।
সহকারী পুলিশ সুপার গোপিনাথ কানজিলাল সাংবাদিকদে বলেন, রোববার সকাল ১০টার দিকে রেজাউল ফিলিং স্টেশনের ম্যানেজার হাসানুল ফারুখ শহরের পূবালী ব্যাংকের সিঁড়ি দিয়ে দোতালায় উঠছিলেন।
“এ সময় তার মাথায় গুলি করে ব্যাগভর্তি ১০ লাখ ৮ হাজার টাকা লুট করার অভিযোগ পাওয়া গেছে।”
ফারুখকে সদর হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসক শারমিন আহমেদ বলেন, ফারুখের মাথায় গুলি লেগেছে, তবে ভিতরে ঢোকেনি।
“তিনি আশঙ্কামুক্ত। তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।”
চিকিৎসাধীন ফারুখ বলেন, “সকালে ব্যাগভর্তি ১০ লাখ ৮ হাজার টাকা নিয়ে ব্যাংকে জমা দিতে যাচ্ছিলাম।
“ব্যাংকের সিঁড়ি দিয়ে দোতালায় উঠার সময় দুর্বৃত্তরা মাথায় গুলি করে টাকার ব্যাগ ছিনিয়ে নেয়।”
পরে তারা দুই রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে মোটরসাইকেলে করে পালিয়ে যায় বলে তিনি দাবি করেন।
‘দুর্বৃত্তরা’ মুখোশ পরা ছিল কি না বা তাদের তিনি চেনেন কি না সে সম্পর্কে ফারুখ কিছু বলতে পারেননি।
ঘটনার সাথে জড়িতদের ধরার জন্য পুলিশ অভিযানে নেমেছে বলে জানান পুলিশ কর্মকর্তা গোপিনাথ।
