ইউপি নির্বাচন: কক্সবাজারে আ.লীগ বিদ্রোহীরা ৪, আ.লীগ ২
পঞ্চম ধাপে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে কক্সবাজারের সদর ও রামু উপজেলার ৯টি ইউনিয়নের মধ্যে দুটিতে আওয়ামী লীগ ও চারটিতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আওয়ামী লীগের বিদ্রোহীরা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
জেলা নির্বাচন কর্মকর্তা মো. মোজাম্মেল হোসেন শনিবার রাতে ভোট গণনা শেষে ফল ঘোষণা করেন।
তিনি সাংবাদিকদের বলেন, রামু উপজেলার পাঁচ ইউনিয়নের মধ্যে চারটিতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আওয়ামী লীগের বিদ্রোহীরা এবং একটিতে বিএনপির প্রার্থী নির্বাচিত হয়েছেন।
ঈদগড় ইউনিয়নে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে আওয়ামী লীগের বিদ্রোহী ও বর্তমান চেয়ারম্যান ফিরোজ আহমদ ভুট্টো। তিনি পেয়েছেন ৩ হাজার ৬৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী নুরুল আজিম পেয়েছেন ২ হাজার ৯৬৫ ভোট।
রশিদনগর ইউনিয়নের চেয়ারম্যান হলেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে আওয়ামী লীগের বিদ্রোহী শাহ আলম। তিনি পেয়েছেন ২ হাজার ৪৫০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী আব্দুর করিম পেয়েছেন ১ হাজার ৮৫৫ ভোট।
গর্জনিয়া ইউনিয়নের চেয়ারম্যান হয়েছেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে আওয়ামী লীগের বিদ্রোহী নজরুল ইসলাম। তিনি পেয়েছেন ৪ হাজার ৯৫৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী গোলাম মওলা চৌধুরী পেয়েছেন ৩ হাজার ৯৮ ভোট।
কাউয়ারখোপ ইউনিয়নে চেয়ারম্যান হয়েছেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে আওয়ামী লীগের বিদ্রোহী মোস্তাক আহমদ। তিনি পেয়েছেন ৪ হাজার ১৮২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান নুরুল হক পেয়েছেন ৩ হাজার ৫৪০ ভোট।
কচ্ছপিয়া ইউনিয়নের চেয়ারম্যান হয়েছেন বিএনপির প্রার্থী আবু মো. ইসমাঈল নোমান। তিনি পেয়েছেন ৩ হাজার ৯৮২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী হিসেবে আওয়ামী লীগের বিদ্রোহী জাফর আহমদ পেয়েছেন ৩ হাজার ৯৫৬ ভোট।
অপরদিকে সদর উপজেলার চার ইউনিয়নের দুটিতে আওয়ামীলীগ, একটিতে বিএনপি এবং একটিতে জামায়াত সমর্থিত স্বতন্ত্র প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বলে জানান নির্বাচন কর্মকর্তা মোজাম্মেল হোসেন।
তিনি বলেন, ঝিলংজা ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী টিপু সুলতান।
খুরুশকুল ইউনিয়নের চেয়ারম্যান হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী জসিম উদ্দিন।
পিএমখালী ইউনিয়নের চেয়ারম্যান হয়েছেন জামায়াত-সমর্থিত স্বতন্ত্র প্রার্থী আবদুর রহিম।
ভারুয়াখালী ইউনিয়নের চেয়ারম্যান হয়েছেন বিএনপির প্রার্থী শফিকুর রহমান সিকদার।
