বগুড়ায় বাসের ছাদে থাকা ২ যাত্রীর লাশ
বগুড়ায় ঢাকাগামী একটি বাসের ছাদ থেকে দুই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে, যারা ছাদে ভ্রমণের সময় গাছের ডালের আঘাতে মারা গেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
বগুড়া সদর থানার ছিলিপুর ফাঁড়ির টিএসআই শাহ আলম জানান, শুক্রবার বেলা দেড়টার দিকে বগুড়ার শহরের ঝোপগাড়ি এলাকায় একটি পাম্প থেকে লাশ দুটি উদ্ধারের পর বাসচালককে আটক করা হয়েছে।
নিহতদের একজন হলেন- দিনাজপুরের ঘোড়াঘাট থানার প্রতাপুর গ্রামের আবুল হোসেনের ছেলে জাহাঙ্গীর (৩৫)। অপর জনের নাম-পরিচয় জানা যায়নি।
আটক বাস চালক ইসরাফিল (৩০) গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কাঁঠালবাড়ী গ্রামের মৃত ফয়জাল হকের ছেলে।
পুলিশ বলছে, দুজনের মাথায় আঘাতের চিহ্ন থাকায় যাত্রাপথে কোনো গাছ বা গাছের ডালের সঙ্গে আঘাত পেয়ে তাদের মৃত্যু হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
টিএসআই শাহ আলম জানান, বাসটি যাত্রী নিয়ে গাইবান্ধার গোবিন্দগঞ্জ থেকে ঢাকার সায়েদাবাদে যাচ্ছিল।
বেলা দেড়টার দিকে শহরের ঝোপগাড়ি এলাকায় দোয়েল পাম্পে গ্যাস নেওয়ার সময় পাশের আরেকটি বাসের যাত্রীরা ঢাকাগামী বাসটির ছাদে দুই ব্যক্তিকে পড়ে থাকতে দেখে।
এসময় বাসটির চালক ছাদে থাকা দুই ব্যক্তিকে নিয়ে বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
পুলিশ সদস্য আলম আরও জানান, সেখানে ছাদ থেকে এক ব্যক্তিকে মৃত অবস্থায় নামানো হয়; আরেকজনকে নামিয়ে হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলেও চিকিৎসকরা তাকেও মৃত ঘোষণা করে।
নিহত দুইজনই বাসে ছাদের যাত্রী ছিল জানিয়ে বগুড়া সদর থানার ওসি আবুল বাসার বলেন, বাসের ছাদের এই দুই যাত্রী গাছ অথবা গাছের ডালের আঘাতে মারা গেছে। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর আসল কারণ জানা যাবে।
