উলিপুরে বাজারে আগুন, দগ্ধ একজনের মৃত্যু
কুড়িগ্রামের উলিপুর উপজেলায় একটি বাজারে সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিদগ্ধ হয়ে একজন নিহত হয়েছেন; আহত হন অন্তত সাত জন।
শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে সাহেবের আলগা ইউনিয়নের আনন্দবাজারে এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল কুদ্দুস (৩০) শান্তিরচর এলাকার এনসান আলীর ছেলে।
আহতদের মধ্যে রয়েছেন মাহফুজার রহমান (৩৫), পল্লিচিকিৎসক বাবুল (৪০) ও জ্বালনি তেলের দোকানদার মোজাম্মেল (৩৭)। তাদের কুড়িগ্রাম সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
সাহেবের আলগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলুল হক জানান, আনন্দবাজারে মোজাম্মেল তার দোকানে খোলা পেট্রোল, ডিজেলসহ কয়েক প্রকারের জ্বালানি তেল ও গ্যাসের সিলিন্ডার বিক্রি করেন।
রাত সাড়ে ৯টার দিকে তার দোকানের একটি সিলিন্ডার বিস্ফোরণ হয়ে আগুন ধরে যায়। নিহত কুদ্দুস তার দোকানের ক্রেতা বলে জানান চেয়ারম্যান ফজলু।
তিনি জানান, অল্প সময়ের মধ্যে আগুন পাশের দোকানে ছড়িয়ে পড়ে। এতে পাঁচটি হার্ডওয়্যার দোকান ও একটি এনজিও কার্যালয় পুড়ে গেছে।
আগুনে ২৫/৩০ লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে বলে তিনি জানান।
এই ইউনিয়নটি ব্রহ্মপুত্র নদের চর এলাকা বলে আহতদের নৌকায় করে হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া ফায়ার সার্ভিস আসারও কোনো উপায় নেই বলে জানান তিনি।
