নিখোঁজের পরদিন খালে বিএনপির নেতার লাশ
ফেনীর ছাগলনাইয়ায় নিখোঁজের একদিন পর স্থানীয় এক বিএনপি নেতার লাশ উদ্ধার করেছে পুলিশ।
মৃত একরামুল হক মজুমদার (৬০) ছাগলনাইয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ছিলেন।
শুক্রবার সকালে পৌরসভার হিচাছড়া এলাকার একটি খাল থেকে তার লাশ উদ্ধার করা হয় বলে ছাগলনাইয়া থানার ওসি মো. রাশেদ খান চৌধুরী জানান।
নিহতের ভাই ফজলুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার দুপুরে বাসা থেকে বেরিয়ে নিখোঁজ হন একরামুল। পরে তার মোবাইল ফোন বন্ধ পাওয়ায় স্বজনরা রাতে ছাগলনাইয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
শুক্রবার সকালে বাড়ির পাশের পাশের একটি খালে তার লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয় বলে জানান তিনি।
ওসি বলেন, মৃতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও ছাগলনাইয়া পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ আলমগীর জানান, একরামুল হক মজুমদার কিছুটা অসুস্থ ছিলেন।
তবে তার মৃত্যুর কারণ নিশ্চিত করতে পারেননি তিনি।
