২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খাগড়াছড়িতে পিসিপির সড়ক অবরোধ

প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে প্রশাসনের বাধার অভিযোগ তুলে খাগড়াছড়িতে আধাবেলা সড়ক অবরোধ করেছে ইউপিডিএফ সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)।

খাগড়াছড়ি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2016, 06:01 PM

Updated : 20 Aug 2022, 12:47 PM

পুলিশ বলছে, মঙ্গলবার অবরোধ চলাকালে গুইমারার বাইল্যাছড়ি ও আলুটিলা এলাকায় ছয়টি গাড়ি ভাংচুর করা হয়েছে। অবরোধকারীদের হামলায় অন্তত ১১ জন আহত হয়েছে।

রামগড় সার্কেলের এএসপি মোহাম্মদ কাজী হুমায়ুন রশীদ জানান, ঢাকা থেকে খাগড়াছড়িতে পত্রিকা সরবরাহ করে ফেরার পথে সকাল সাড়ে ৫টার দিকে একটি গাড়ি গুইমারা বাইল্যাছড়ি পৌছলে অবরোধকারীরা পাহাড়ের উপর থেকে ঢিল ছুড়লে বেলায়তে হোসেন নামে একজন আহত হন।

একই সময়ে তারা আলুটিলা এলাকায় একটি সংবাদপত্রবাহী গাড়ি ও চারটি নৈশকোচ ভাংচুর করে। এতে ১০ যাত্রী আহত হন বলে খাগড়াছড়ি সদর সার্কেলের এএসপি মো. রইছ উদ্দিন জানান।

এএসপি মো. রইছ উদ্দিন আরও জানান, সকাল সোয়া ৬টার দিকে শহরের দক্ষিণ খবংপুড়িয়া এলাকায় পুলিশের সঙ্গে পিকেটারদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

পাহাড়ি ছাত্র পরিষদের খাগড়াছড়ি জেলা দপ্তর সম্পাদক রুপেশ চাকমা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে অভিযোগ করা হয়, প্রশাসনের বাধার কারণে গত ২০মে জেলার দীঘিনালা উপজেলার আমতলী বানছড়া হাইস্কুল মাঠে আয়োজিত পিসিপির নির্ধারিত ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা সম্ভব হয়নি।