জোয়ারে ভেসে লোকালয়ে আসা ২ হরিণের মৃত্যু
ঘূর্ণিঝড় রোয়ানুর সময় জোয়ারের পানিতে নোয়াখালীর হাতিয়ার লোকালয়ে ভেসে আসা আটটি হরিণের মধ্যে কুকুরের কামড়ে দুটির মৃত্যু হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকতা আবু হাসনাত মো. মইন উদ্দিন জানান, শনিবার ভোর থেকে দুপুর পর্যন্ত স্থানীয় ও বন রক্ষীরা হাতিয়ার বিভিন্ন স্থান থেকে দুইটি শাবকসহ আটটি হরিণ উদ্ধার করে।
চিকিৎসা শেষে ছয়টি হরিণ বনের ছেড়ে দেওয়ার পর দুটি হরিণের মৃত্যু হয় বলে জানান তিনি।
বন বিভাগের হাতিয়ার নলচিরা বিট কর্মকর্তা মো. নাহিদ হাসান জানান, রোববার সকালে উপজেলার চরকিং ইউনিয়নের কিল্লার বাজার এলাকায় একটি বাড়ির পাশে একটি হরিণ পড়ে থাকতে দেখে স্থানীয়রাবন বিভাগের কর্মীদেরকে খবর দেয়।
“হরিণটি কুকুরের কামড়ে গুরুতর জখম হয়। উদ্ধারের কিছুক্ষণের মধ্যে হরিণটি মারা যায়।”
তিনি বলেন, দুপুরের দিকে উপজেলা নির্বাহী কর্মকতা আবু হাসনাত মো. মইন উদ্দিনের উপস্থিতিতে হরিণটি চর ঈশ্বরের কমলা দীঘি এলাকায় বনে ছেড়ে দেওয়া হয়। এর কিছুক্ষণ পর বনকর্মীরা হরিণটিকে মৃত অবস্থায় পায়।
বিভাগীয় বন কর্মকর্তা মো. আমির হোসেন চৌধুরী বিডিনিউজকে জানান, ঘূর্ণিঝড় রোয়ানুর প্রভাবে হাতিয়ার নিঝুম দ্বীপ, ঢালচর, দমার চর, মাঝের চর, ঘাষের চর ও চর কবিরে বনের মধ্যে পাঁচ থেকে ছয়ফুট উচ্চতায় জলোচ্ছ্বাস হয়।
এতে বনের ভেতর থেকে কিছু হরিণ নদীতে ভেসে লোকালয়ে চলে আসে।
জাতীয় উদ্যান নিঝুম দ্বীপ ও আশপাশের ঢালচর, দমার চর, মাঝের চর, ঘাষের চর ও চর কবিরে বনে বর্তমান প্রায় ১৩ হাজার হরিণ রয়েছে বলে জানান বিভাগীয় বন কর্মকর্তা।
