২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কাপাসিয়ায় নাট্যকর্মী খুনে মামলা দায়ের

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় নাট্যকর্মী নিহত হওয়ার ঘটনায় মামলা হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2016, 04:27 PM

Updated : 20 Aug 2022, 12:47 PM

নিহত ফারুকের স্ত্রী বিলকিস বেগম বাদী হয়ে রোববার গভীর রাতে চারজনের নাম উল্লেখ করে মামলাটি দায়ের করেন। তদন্তের স্বার্থে পুলিশ আসামিদের নাম প্রকাশ করেনি।

শনিবার রাতে সিংহশ্রী চৌরাস্তা মোড় বাজারে নাট্যকর্মী ফারুক হোসেন (৪০) ছুরিকাঘাতে নিহত হন।

কাপাসিয়া থানার ওসি আবু বকর সিদ্দীক জানান, মামলার কোনো আসামিকে এখনও গ্রেপ্তার করা যায়নি। তবে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

মামলার নথি থেকে জানা যায়, কুলগঙ্গা গ্রামের আ. বারেক, একই গ্রামের আ. বাতেন (৪৫) ও তার ছেলে শাকিল (১৮) বাল্যবিবাহ-বিরোধী নাটকে অভিনয় করেন।  বারেকের ছেলে ফারুকও তাদের সঙ্গে নাটকে অভিনয় করতেন। অভিনয়ের টাকা নিয়ে তাদের মধ্যে মনোমালিন্য চলছিল।

শনিবার রাত ৮টার দিকে ফারুক মহসিনের দোকানে বসে চা পান করার সময় বাতেন ও তার ছেলে শাকিল এসে ফারুককে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায় বলে মামলায় অভিযোগ করা হয়।

স্থানীয়রা ফারুককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।