২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেলিম ওসমানের পক্ষে মানববন্ধন-অবরোধ

শিক্ষককে কান ধরে উঠ-বস করানোর ঘটনায় সংসদ সদস্য সেলিম ওসমানের বিরুদ্ধে ‘অপপ্রচার’ চলছে অভিযোগ করে তার প্রতিবাদে মানববন্ধন ও সড়ক অবরোধ হয়েছে নারায়ণগঞ্জে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2016, 11:33 PM

Updated : 20 Aug 2022, 12:46 PM

পোশাক ব্যবসায়ী সেলিম ওসমানের নেতৃত্বাধীন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রির উদ্যোগে রোববার বেলা ১২টা থেকে ১টা পর্যন্ত নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে মানববন্ধন হয়।

আটটি জাতীয় ও ৩৫টি স্থানীয় ব্যবসায়ী সংগঠনের ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়।

নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রস্ট্রির সিনিয়র সহ-সভাপতি মঞ্জুরুল হকের সভাপতিত্বে মানববন্ধনে জেলা দোকান মালিক সমিতির সভাপতি খসরু আহমেদ, জেলা ছাত্রলীগ সভাপতি সাফায়েত আলম সানি, বাংলাদেশ ইয়ার্ন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি লিটন সাহা, মহানগর সেচ্ছাসেবক লীগ সভাপতি ও হোসিয়ারি অ্যাসোসিয়েশনের সভাপতি নাজমুল আলম সজলসহ আওয়ামী লীগ ও যুবলীগের নেতারা বক্তব্য রাখেন।

শিক্ষক শ্যামল কান্তি ভক্তের বিরুদ্ধে ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগ তুলে তার শাস্তি দাবি করেন বক্তারা।

কেউ সেলিম ওসমানের সমালোচনা করলে তাকে নারায়ণগঞ্জ থেকে বেরোতে দেওয়া হবে না বলেও হুমকি দেন তারা।  

মানববন্ধন শেষে কর্মসূচি পালনকারীরা নগরীর চাষাঢ়া মোড়ে সড়কের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি বাস ফেলে রেখে সড়ক অবরোধ করেন। এতে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। ওই সময় বৃষ্টিতে ভোগান্তি পোহাতে হয় যাত্রীদের।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি মো. আব্দুল মালেক জানান, সাংসদ সেলিম ওসমানের বিরুদ্ধে ‘অপপ্রচার’ বন্ধের দাবিতে তার সমর্থকরা সড়কে প্রায় আধা ঘণ্টা সড়ক অবরোধ করে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে যান চলাচল স্বাভাবিক হয়।

ধর্ম অবমাননার অভিযোগ তুলে একদল লোক গত ১৩ মে বন্দর উপজেলার পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তিকে মারধর করে। পরে স্থানীয় সাংসদ সেলিম ওসমান তাকে কান ধরিয়ে উঠ-বস করান।

এ ঘটনায় দেশব্যাপী সমালোচনার ঝড় ওঠে। শিক্ষক ও আইনজীবীরা ওই ঘটনার জন্য সেলিম ওসমানসহ জড়িতদের ক্ষমা চাওয়ার আহ্বান জানান। সমালোচনা করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতারাও।

তবে নারায়ণগঞ্জ-৫ (শহর-বন্দর) আসনের জাতীয় পার্টির সাংসদ সেলিম ওসমান বলেছেন, ওই ঘটনার জন্য ক্ষমা চাইবেন না তিনি।

তিনি দাবি করেছেন, শিক্ষক শ্যামল কান্তিকে তিনি ‘কান ধরাননি’, শিক্ষক নিজেই ধরেছেন।