রেজাউল হত্যা: জিজ্ঞাসাবাদ শেষে কারাগারে ৩ ‘জেএমবি’
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজির শিক্ষক এএফএম রেজাউল করিম সিদ্দিকী হত্যা মামলায় গ্রেপ্তার এক বিশ্ববিদ্যালয় ছাত্রসহ তিন জনকে জিজ্ঞাসাবাদ শেষে কারাগারে পাঠানো হয়েছে।
রোববার রাজশাহী মহানগর হাকিম আদালতে হাজির করা হলে বিচারক মোকসেদা আজগার তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
এরা হলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্রপ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী রহমতুল্লাহ, নগরীর খড়খড়ি এলাকার আব্দুস সাত্তার ও তার ছেলে রিপন।
গত ১৭ মে মহানগর পুলিশ কমিশনার মো. শামসুদ্দিন তার দপ্তরে সংবাদ সম্মেলনে গ্রেপ্তার এই তিনজন জেএমবি সদস্য এবং তারা অধ্যাপক রেজাউল করিম হত্যাকাণ্ডে সহযোগিতা দিয়েছে বলে জানিয়েছিলেন।
তবে ওইদিন তিনি তাদের পরিচয় জানাননি।
রেজাউল হত্যা মামলার তদন্ত কর্মকর্তা মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক রেজাউস সাদিক জানান, পুলিশ হেফাজতে (রিমান্ড) তাদের পাঁচদিন জিজ্ঞাসাবাদ শেষে দুপুরে আদালত হাজির করা হয়।
এদের মধ্যে রহমতুল্লা নীলফামারীর কিশোরগঞ্জ উপজলোর মাগুরা গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে। তিনি বিশ্ববিদ্যালয়ের মাদার বখশ হলের ১০৭ নম্বর কক্ষের আবাসিক শিক্ষার্থী বলে জানান তিনি।
“রহমতুল্লা নিখোঁজ হয়েছে বলে গত ১৫ মে তার বিভাগের এক শিক্ষক মতিহার থানায় জিডি করেছিলেন।”
তদন্ত কর্মকর্তা রেজাউস সাদিক বলেন, জিজ্ঞাসাবাদে তারা অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকী হত্যাকাণ্ড ও জেএমবির সাংগঠনিক বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। সেসব তথ্য যাচাইবাছাই করা হবে।
এরপর প্রয়োজন হলে তাদের আবার রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে, বলেন ওসি সাদিক।
তিনি জানান, গত ১৭ মে তিনজনকে মহানগর হাকিমের আদালতে হাজির করে সাতদিনের রিমান্ড চাওয়া হয়েছিল। বিচারক মোকসেদা আজগার তাদের পাঁচদিন করে রিমান্ড মঞ্জুর করেন। ওই দিন বিকালেই তাদের মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নেওয়া হয়। কয়েকদফায় তাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
গত ২৩ এপ্রিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক রেজাউল করিমকে নগরীর
শালবাগান এলাকায় তার বাসা থেকে ৫০ গজ দূরে গলা কেটে হত্যা করা হয়।
ওই হত্যাকাণ্ডের পর এক শিবির নেতাসহ চারজনকে গ্রেপ্তার করার কথা এর আগে জানিয়েছিল পুলিশ।
প্রতিনিধি/ডিডি/১৮১৬ ঘ.
রেজাউল হত্যা: গ্রেপ্তার ৩ ‘জেএমবি’ রিমান্ডে
