২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোয়ানুর প্রভাব: লক্ষ্মীপুরে ১০ গ্রাম প্লাবিত

ঘূর্ণিঝড় রোয়ানুর প্রভাবে গত কয়েকদিনের টানা বৃষ্টি ও জোয়ারে বাঁধ ভেঙে লক্ষ্মীপুরের চারটি উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পানিবন্দি হয়েছে কয়েকশ পরিবার।

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2016, 05:22 PM

Updated : 20 Aug 2022, 12:46 PM

লক্ষ্মীপুরে অতিরিক্ত জেলা প্রশাসক মো. সাজ্জাদুল হাসান জানান, শনিবার মেঘনা উপকূলীয় এলাকার বাঁধ ভেঙে চার উপজেলার দশটি গ্রাম প্লাবিত হয়। 

রোববার সরেজমিনে দেখা যায় রামগতির চর আলগী, চর গজারিয়া, মৌলভীর চর, কমলনগরের চর কালকিনি, চর ফলকন ও সদরের চর রমনী মোহন ও রায়পুরের পাঁচটি গ্রামের লোকজন মানবেতর জীবনযাপন করছে।

সাজ্জাদুল হাসান বলেন, “এসব এলাকার শতশত একর ফসলি জমি পানির নিচে তলিয়ে গেছে। প্রায় ৫০টি ঘর-বাড়ি ও শতাধিক গাছপালা বিধ্বস্ত হয়েছে। পাঁচ শতাধিক পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। ভেসে গেছে অর্ধশতাধিক মাছের ঘের।

“ঘূর্ণিঝড়ে প্রায় আড়াইকোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।”

ক্ষতিগ্রস্তরা আশ্রয়কেন্দ্রসহ এলাকার বিভিন্ন ঘর-বাড়িতে আশ্রয় নিয়েছে। তবে প্রশাসনের পক্ষ থেকে তাদের এখনও ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়নি বলে জানান তিনি।