২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঘূর্ণিঝড় রোয়ানু: পটুয়াখালীতে আহত বৃদ্ধার মৃত্যু

ঘূর্ণিঝড় রোয়ানুর ঝড়ো বাতাসে পটুয়াখালীতে গাছ চাপায় আহত এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

পটুয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2016, 04:00 PM

Updated : 20 Aug 2022, 12:46 PM

রোবাবর সকালে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে কল্পনা রানী দাস (৭০) মারা যান বলে জানান দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাফিজুর রহমান।

মৃত কল্পনা ভোলার লালমোহন উপজেলার হীরা লাল দাসের স্ত্রী।

ঘণ্টায় ৬২ কিলোমিটার গতির বাতাসের শক্তি নিয়ে বাংলাদেশে আঘাত হানা ঘূর্ণিঝড় রোয়ানুতে এ নিয়ে উপকূলের সাত জেলায় অন্তত ২৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেল।

এছাড়া পটুয়াখালীতে এ নিয়ে দুজনের মৃত্যুর খবর মিলল।

দুমকির ইউএনও হাফিজুর রহমান জানান, কল্পনা দুমকি উপজেলার উত্তর পাংগাশিয়া গ্রামে তার জামাতার বাড়ি বেড়াতে এসেছিলেন।

“শনিবার সকালে ঝড়ে একটি গাছ উপড়ে জামাতা সুধাংশু দাসের বসত ঘরে ওপর এসে পড়লে ঘরটি ক্ষতিগ্রস্ত হয়।

“এতে সুধাংশু ও কল্পনা আহত হন। এ ঘটনায় কল্পনা রানীর পা ভেঙে যায়।”

আহতাবস্থায় তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

উন্নত চিকিৎসার জন্য সেখান থেকে ঢাকা নেওয়ার পথে কল্পনাকে মারা যান বলে জানান তিনি।

সুধাংশু বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।

এ জেলায় ঝড়ের কবলে বসতঘর চাপায় দশমিনা উপজেলার উত্তর লক্ষ্মীপুর লিজাবাদ গ্রামে নয়া বিবি (৫২) এক নারী মারা যান।