কাপাসিয়ায় নাট্যকর্মী খুন
গাজীপুরের কাপাসিয়া উপজেলায় ছুরিকাঘাতে এক নাট্যকর্মী নিহত হয়েছেন।
শনিবার রাত ৮টার দিকে সিংহশ্রী চৌরাস্তা মোড় বাজারে নাট্যকর্মী ফারুক হোসেন (৪০) ছুরিকাহত হন বলে কাপাসিয়া থানার ওসি আবু বকর সিদ্দীক জানান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কুলগঙ্গা গ্রামের আ. বারেক ও তার ছেলে ফারুক এবং একই গ্রামের আ. বাতেন (৪৫) ও তার ছেলে শাকিল (১৮) বাল্যবিবাহ-বিরোধী নাটকে অভিনয় করেন।
“অভিনয়ের টাকা নিয়ে তাদের মধ্যে মনোমালিন্য চলছিল। শনিবার রাত ৮টার দিকে ফারুক মহসিনের দোকানে বসে চা পান করার সময় বাতেন ও তার ছেলে শাকিল এসে ফারুককে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়।”
স্থানীয়রা ফারুককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে ওসি জানান।
