ফেনীতে অস্ত্রসহ ইউপি চেয়ারম্যান আটক
ফেনীর সোনাগাজীতে অস্ত্রসহ এক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও আরও চারজনকে আটক করেছে র্যাব।
শনিবার বিকালে উপজেলার বখতারমুন্সী এলাকার লোক্কার দোকানের সামনে থেকে তাদের আটক করা হয় বলে র্যাব-৭-এর ফেনী ক্যাম্পের পরিচালক স্কোয়াড্রন লিডার শাফায়াত জামিল ফাহিম জানান।
আটককৃতরা হলেন মঙ্গলকান্দি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও ইউপি নির্বাচনে বিএনপির প্রার্থী মো. দাউদুল ইসলাম মিনার (৩০) এবং তার সঙ্গী মো. নুরুল করিম (৩২), মো. হারুন উর রশিদ মিথুন (১৮), মো. শাখাওয়াত হোসেন (৩০) ও আবুল বশর (২২)।
র্যাব কর্মকর্তা ফাহিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, একটি সাদা মাইক্রোবাস থেকে চার রাউন্ড গুলিসহ দুটি বিদেশি পিস্তল ও ওই পাঁচজনকে আটক করা হয়।
“একটি পিস্তল মো. নুরুল করিমের কাছে আর অপরটি গাড়িতে পাওয়া গেছে।”
দাউদুল ইসলাম মিনারের বিরুদ্ধে তিনটিতে গ্রেপ্তারি পরোয়ানাসহ ৯টি মামলা রয়েছে বলে তিনি জানান।
আটককৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করে সোনাগাজী মডেল থানায় হস্তান্তর হবে বলেও তিনি জানান।
