পাটুরিয়া-দৌলতদিয়ায় লঞ্চ বন্ধ, চলছে ফেরি
ঘূর্ণিঝড় ‘রোয়ানুর’ প্রভাবে ঝড়ো হাওয়া পদ্মায় প্রবল ঢেউয়ের কারণে পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌপথে লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হলেও ফেরি পারাপার চলছে।
পাটুরিয়া লঞ্চ ঘাটের টিকিট সুপাইভাজার আবদুর রাজ্জাক জানান, শুক্রবার সন্ধ্যা থেকে এ রুটে লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোরর ডটকমকে আবদুর রাজ্জাক বলেন, শুক্রবার বিকাল থেকে পদ্মায় প্রবল বাতাস ও ঢেউয়ের সৃষ্টি হয়। দুর্ঘটনা এড়াতে সন্ধ্যা ৬টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া এবং আরিচা-কাজিরহাট রুটে লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হয়।
পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত লঞ্চ চলাচল বন্ধ থাকবে বলে জানান তিনি।
তবে কয়েকটি ফেরি দিয়ে পারাপার করা হচ্ছে বলে জানান বাংলাদেশে অভ্যন্তরীণ নৌ-পরিবহন সংস্থার বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) তানভীর হোসেন।
তিনি বলেন, লঞ্চ বন্ধ থাকায় পাটুরিয়া-দৌলতদিয়া রুটে নয়টি রো রো, পাঁচটি ইউটিলিটি (মাঝারি) এবং দুটি কে-টাইপ (ছোট) ফেরিতে যানবাহন ও যাত্রী পারাপার করা হচ্ছে।
তবে ঘূর্ণিঝড় ‘রোয়ানু’র প্রভাবে ঝড়ো বাতাসের মাত্রা ধীরে ধীরে বাড়ছে। ফলে যেকোনো সময় ফেরি চলাচলও বন্ধ করে দেওয়া হতে পারে বলে জানান তিনি।
