২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রেপ্তারের পর পিটিয়ে হত্যার অভিযোগ

নরসিংদীতে একাধিক মামলার এক আসামিকে গ্রেপ্তারের পর পুলিশ পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2016, 09:38 PM

Updated : 20 Aug 2022, 12:45 PM

বৃহস্পতিবার বিকালে দ্বীন ইসলাম (২৫) জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বলে চিকিৎসক মিজানুর রহমান জানান।

তবে পুলিশ তাকে মৃগী রোগী বলে দাবি করছে।

নিহতের মা সাবিহা বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৃহস্পতিবার সকালে দ্বীন ইসলামকে শহরের ভেলানগর মহল্লার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।

“পরে পুলিশ পাঁচ লাখ টাকা ঘুষ দাবি করে। টাকা না দেওয়ায় তাকে পিটিয়ে আহত করে হাসপাতালে পাঠায়।”

দ্বীন ইসলামের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে বলেও তিনি অভিযোগ করেন।

পুলিশ সুপার আমেনা বেগম বলেন, শিবপুর ও সদর থানার একাধিক মামলার আসামি দ্বীন ইসলাম সাম্প্রতিক একটি ডাকাতির সাথে জড়িত এমন তথ্য পেয়ে বৃহস্পতিবার সকালে তাকে গ্রেপ্তার করা হয়।

দ্বীন ইসলাম মৃগী রোগী ছিলেন বলে দাবি করেন তিনি।

পুলিশের ঘুষ চাওয়ার বিষয়ে পুলিশ সুপার আমেনা বলেন, পুরো ঘটনাটি তদন্তের জন্য অতিরিক্ত পুলিশ সুপার হাসিবুল আলমকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত দল গঠন করা হয়েছে।

চিকিৎসক মিজানুর বলেন, দ্বীন ইসলামকে ভর্তির সময় তার জ্ঞান ছিল। পরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।

হাসপাতালে তাকে কী ধরনের চিকিৎসা দেওয়া হচ্ছিল, আঘাতের চিহ্ন ছিল কি না সে বিষয়ে ময়নাতদন্ত ছাড়া কিছু বলতে চাননি চিকিৎসক মিজানুর।