শিক্ষক লাঞ্ছনাকারীর কঠোর শাস্তি দাবি
নারায়ণগঞ্জে এক স্কুল শিক্ষককে মারধর ও কান ধরে উঠ-বস করানোর ঘটনায় জড়িতদের কঠোর শাস্তি দাবি করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় সিনেট ভবনের সামনে শিক্ষক নির্যাতন ও লাঞ্ছনার প্রতিবাদ ও বিচারের দাবিতে শিক্ষক সমিতি মানববন্ধন করে।
মানববন্ধনে রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শাহ আজম শান্তনু বলেন, ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষককে মারধর ও কান ধরে উঠ-বস করানোর ঘটনায় জড়িতদের ‘হত্যাকাণ্ডের অনুরূপ’ শাস্তি হওয়া উচিত।
“আমরা চাই এই ঘটনাকে কোনোভাবেই যেন ধামাচাপা না দেওয়া হয়।”
শিক্ষা মন্ত্রণালয় ওই নির্যাতিত শিক্ষকের বরখাস্ত অবৈধ ঘোষণা করে স্কুলের পরিচালনা পর্ষদ বাতিল করায় শিক্ষামন্ত্রীকে ধন্যবাদ জানান শান্তনু।
সমিতির সভাপতি মো. শহীদুল্লাহ মানববন্ধনে বলেন, “যেভাবে একজন প্রবীন শিক্ষকের মান-সম্মান ধুলিস্যাৎ করা হয়েছে তা আমাদের অত্যন্ত মর্মাহত করেছে।”
এ ঘটনায় জড়িতদের উপযুক্ত শাস্তির দাবি জানান তিনি।
বাংলা বিভাগের অধ্যাপক সফিকুন্নবী সামাদী বলেন, “আমরা শিক্ষককে কোনোভাবেই শ্রেণিকরণ করতে চাই না। তিনি আমাদের, আমাদের সন্তানদের শিক্ষক। তার লাঞ্ছনাকারীর পুরো পরিবারকে কাঠগড়ায় দাঁড় করাতে হবে।”
শিক্ষা মন্ত্রণালয়ের এই পদক্ষেপে থেমে না থেকে অপরাধীদের আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি দেওয়ার আহ্বান জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের সভাপতি মো. ছাদেকুল আরেফিন।
ধর্ম অবমাননার অভিযোগ তুলে গত শুক্রবার নারায়ণগঞ্জের বন্দর উপজেলার একটি স্কুলের প্রধান শিক্ষককে একদল লোক মারধর করে। পরে তাকে কান ধরিয়ে উঠ-বস করান স্থানীয় সংসদ সদস্য সেলিম ওসমান।
দেশজুড়ে ওই ঘটনায় প্রতিবাদ এবং দোষীদের বিচারের দাবির মধ্যে বিদ্যালয় পরিচালনা পর্ষদ ওই শিক্ষককে বরখাস্ত করে।
বৃহস্পতিবার শিক্ষামন্ত্রী ওই বরখাস্তের আদেশকে অবৈধ আখ্যা দিয়ে স্কুল পরিচালনা পর্ষদ বাতিল করার ঘোষণা দেন।
