নির্বাচনী সংঘাতে মুন্সীগঞ্জে ‘আহত ২০’
মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নে নির্বাচনী সংঘাতে কমপক্ষে ২০ জন আহত হওয়ার খবর দিয়েছে পুলিশ।
বুধবার রাতের এ ঘটনায় পুলিশ ভাংচুর অবস্থায় দুটি ও আগুন দেওয়া একটি মোটরসাইকেল পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে বলে সদর থানার এসআই আমিনুল ইসলাম জানান।
এসআই রাত সোয়া ১২টায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মাকহাটি স্কুলমাঠের পাশে রাস্তায়, রাজারচরে ও কালীরচরে বুধবার সন্ধ্যায় আওয়ামী লীগের প্রার্থী রিপন পাটোয়ারি ও স্বতন্ত্র প্রার্থী আনারস মার্কার মহসীনা হক কল্পনা বেগমের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে।
“এ সময় কমপক্ষে ২০ জন আহত হয়ে স্থানীয় বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন।”
আহত মিল্লাত ব্যাপারি (৪৫) ও আল আমিনকে (২০) সদর হাসপাতালে চিকিৎসাধীন দেখা গেছে। তবে তারা তাদের পরিচয় জানাতে চাননি।
এ ব্যাপারে সদর থানার ওসি ইউনুচ আলী বলেন, এ ঘটনায় এখনও কেউ গ্রেপ্তার হয়নি। তবে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।
