জোনাইলে লীগ-বিএনপি মুখোমুখি, আহত ৪
ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রচারণাকালে নাটোরের বড়াইগ্রাম উপজেলায় আওয়ামী লীগ ও বিএনপি সংঘর্ষে বিএনপির চেয়ারম্যান প্রার্থীসহ অন্তত ১৫ জন আহত হয়েছে।
সোমবার জোনাইল ইউনিয়নের দ্বারিকুশি ডাঙ্গাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে বড়াইগ্রাম থানার ওসি মনিরুল ইসলাম জানান।
আহতরা হলেন বিএনপির চেয়ারম্যান প্রার্থী আজিজুর রহমান (৫৫), তার চাচাত ভাই সাবান আলী (৫০), ছেলে মামুদ রানা (৩০) ও আওয়ামী লীগ প্রার্থীর ভাতিজা নাজিমুদ্দিন (৩২)।
ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোমবার সকালে আজিজুর রহমান ওরফে জনাব আলী তার কর্মীদের নিয়ে প্রচারণা চালাচ্ছিলেন।
“একই সময় আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী তোজাম্মেল হকের কর্মীরাও প্রচার চালাতে চালাতে তাদের মুখোমুখি হয়।”
বাগবিতণ্ডার একপর্যায়ে সংঘর্ষে চারজন আহত হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে বড়াইগ্রাম হাসপাতালে পাঠায়।
হাসপাতালের চিকিৎসক মহিউদ্দিন বলেন, আজিজুর রহমানে মাথা লাঠির আঘাতে ফেটে গেছে। অন্যদের মাথা জখম হয়েছে।
আজিজুর রহমান বলেন, “সকালে ডাঙ্গাপাড়া এলাকায় প্রচারে গেলে আওয়ামী লীগের প্রার্থী তোজাম্মেল হকের কর্মীরা অতর্কিতে হামলা চালিয়ে আমাদের মাথা ফাটিয়ে দেয়।
“পরে পুলিশ গিয়ে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।”
এ বিষয়ে আওয়ামী লীগ প্রার্থী তোজাম্মেল হক বলেন, “বিএনপির প্রার্থী আজিজুর রহমানের কর্মীরাই আমার ভাতিজা নাজিমুদ্দিনকে অন্যায়ভাবে মারপিট করেছে।”
