নওয়াব প্যালেসকে ‘সংরক্ষিত প্রত্নসম্পদ’ ঘোষণা
বগুড়ার নওয়াব প্যালেসকে ‘সংরক্ষিত প্রত্নসম্পদ’ ঘোষণা দিয়ে গেজেট প্রকাশ করেছে সরকার।
সোমবার গেজেটের কপি বগুড়ায় আসার খবর দিয়ে স্থানীয় প্রত্নতত্ত্ব অধিদপ্তরে পরিচালক নাহিদ সুলতানা বলেন, নওয়াব প্যালেসকে সংরক্ষিত প্রত্নসম্পদ হিসেবে ঘোষণা করেছে সরকার।
“পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী মোহাম্মদ আলী চৌধুরীর স্মৃতিবিজড়িত ঐতিহ্যবাহী প্যালেসটি রক্ষণাবেক্ষণে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”
সংস্কৃতি মন্ত্রণালয় থেকে গত ১২ মে এ সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয় বলে তিনি জানান।
গেজেটের খবর শুনে বগুড়ার ঐতিহ্য ও স্থাপনা রক্ষা কমিটির আহ্বায়ক আব্দুর রাজ্জাক সন্তোষ প্রকাশ করেন।
“গেজেট প্রকাশ হওয়ায় ব্যক্তি মালিকানায় থাকা দেড়শ বছরের প্রাচীন স্থাপনাটি রক্ষণাবেক্ষণের দায়িত্ব এখন সরকারের।
গেজেটের ফলে ১৮৮৪ সালে নির্মিত প্যালেসটি পুরাকীর্তি হিসেবে ঘোষণার দাবিতে যে আন্দোলন চলছিল তা আজ সার্থক হলো বলে তিনি মনে করেন।
