ইউএনওকে মারধর: অভিযোগপত্রে আ. লীগ নেতা
ফেনীর পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ এম রকিব হায়দারের উপর হামলা মামলায় আওয়ামী লীগ নেতা খায়রুল বাশার মজুমদার তপনসহ আট জনকে আসামি করে অভিযোগপত্র দিয়েছে পুলিশ।
সোমবার দুপুরে ফেনীর দ্রুত বিচার আদালতের বিচারক বদিউল আলমের আদালতে অভিযোগপত্র জমা দেন পরশুরাম থানার পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা আবুল কাশেম।
মামলার তদন্ত কর্মকর্তা বলেন, ইউএনও রকিব হায়দারের উপর হামলার ঘটনায় তার গাড়ি চালক আবুল কাশেম বাদী হয়ে সাত জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ১০/১২ জনকে আসামি করে দ্রুত বিচার আইনে একটি মামলা করেন।
“ওই মামলায় আট জনের বিরুদ্ধে সোমবার আদালতে অভিযোগ দেওয়া হয়েছে।”
অভিযোগপত্রভুক্ত আসামিরা হলেন, জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি খারুল বাশার মজুমদার তপন, চিথলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন বুইজ্জা, পরশুরাম পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক আবদুল মান্নান, স্থানীয় যুবলীগ নেতা মহিউদ্দিন পারভেজ, ফারুক আহমদ (জসিম উদ্দিন বুইজ্জার ভাই), যুবলীগ নেতা মো. মহিউদ্দিন, আবু তৈয়ব মাসুদ ও নুর আহম্মদ রাশু।
এর আগে আট আসামিকে আদালতে হাজির করা হলে আইনজীবীরা জামিন আবেদন করেন। বিচারক আসামিদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে গত ১১ মে ফেনীর দ্রুত বিচার আদালতে জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি খাইরুল বাশার মজুমদার তপন ও ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন বুইজ্জা আত্মসমর্পণ করেন।
গত ৬ মে দুপুরে পরশুরাম উপজেলার ধনিকুন্ড এলাকায় নৌ-পরিবহন মন্ত্রী শাহাজান খানের একটি অনুষ্ঠান স্থলের পাশে মারধরের শিকার হন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচএম রকিব হায়দার।
ওইদিন বিকালে ঘটনায় ইউএনওর গাড়ি চালক আবুল কাশেম বাদী হয়ে সাত জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০/১২ জনকে আসামি করে পরশুরাম থানায় মামলা করেন।
