২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরে যুবকের হাত-পা বাঁধা গলাকাটা লাশ

নাটোরের গুরুদাসপুর উপজেলায় এক যুবকের হাত-পা বাঁধা গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2016, 06:01 PM

Updated : 20 Aug 2022, 12:44 PM

সোমবার উপজেলার নাজিরপুর উচ্চ বিদ্যালয়ের পেছন থেকে মৃতদেহটি উদ্ধার করা হয় বলে জানান গুরুদাসপুর থানার ওসি দিলীপ কুমার দাস।

নিহত শামীম আহমেদ (৩৫) বড়াইগ্রাম উপজেলার জামাইদীঘি গ্রামের জনাব আলীর ছেলে। গুরুদাসপুরে এক আত্মীয়ের বাড়িতে থেকে লিচু বাগান পাহারা দেওয়ার পাশাপাশি অটোরিকশা চালাতেন তিনি।

ওসি দিলীপ কুমার দাস জানান, রোববার বিকালে অটোরিকশা নিয়ে বের হয়ে আর ফিরে আসেননি শামীম। রাতে অনেক খোঁজাখুজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

“সোমবার সকালে নাজিরপুর উচ্চ বিদ্যালয়ের পেছনের রাস্তায় তার হাত-পা বাঁধা গলাকাটা লাশ দেখতে পায় স্থানীয়রা।”

খবর পেয়ে লাশ উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।

শামীমকে হত্যার পর দুর্বৃত্তরা তার অটোরিকশা নিয়ে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন এ পুলিশ কর্মকর্তা।

এ ঘটনায় তার ভাই রমিজ আলী বাদী হয়ে গুরুদসাপুর থানায় একটি হত্যা মামলা করেছেন।