২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কেঁচো চাষে দারিদ্র্য ঘুচল ফুয়ারা বেগমের 

কেঁচো চাষের মাধ্যমে সার উৎপাদন করে স্বাবলম্বী হয়েছেন গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বাজে তেলকুপি গ্রামের ফুয়ারা বেগম।

তাজুল ইসলাম রেজা

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2016, 12:40 PM

Updated : 20 Aug 2022, 12:44 PM

কেঁচোর চাষের পাশাপাশি নানা ধরনের সবজির চাষও করছেন তিনি। স্বামীর সামান্য আয়ে দুবছর আগেও খেয়ে না খেয়ে তাদের দিন কেটেছে। সন্তানদের নিয়ে উপোস থেকেছেন অনেক রাত। বন্যা ও নদীভাঙনে কয়েক দফা বাড়ি-ঘর তলিয়ে যাওয়ায় একদা নিঃস্ব হয়ে পড়া ফুয়ারা বেগমের সংসারে এখন আর অভাব নেই। সন্তানদের পড়াশোনাও চলছে।

ভার্মি কম্পোস্ট (কেঁচো সার) নামের পরিবেশবান্ধব এই সার মাটির উর্বরতা বৃদ্ধি করে। এ সার ব্যবহারের ফলে রাসায়নিক সারের উপর নির্ভরতাও কমছে বলে কৃষি বিভাগ জানিয়েছে। 

ফুয়ারা বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বন্যা ও নদীভাঙনে কয়েক দফা বাড়ি-ঘর ভেঙে নিঃস্ব হয়ে বাজে তেলকুপি গ্রামে আশ্রয় নেই।

এরপর বেসরকারি উন্নয়ন সংস্থা গণউন্নয়ন কেন্দ্রর (জিইউকে) সঙ্গে সম্পৃক্ত হয়ে নতুন করে বাঁচার স্বপ্ন দেখি।

“২০১৪ সালে বেসরকারি উন্নয়ন সংস্থা গণউন্নয়ন কেন্দ্রের (জিইউকে) মাধ্যমে খ্রিশ্চিয়ান এইড থেকে ১৪ হাজার ৫০০ টাকা অনুদান নিয়ে পাঁচ হাজার কেঁচো কিনে চাষ শুরু করি। তিন মাস পর অন্যান্য গ্রামের নারীদের কাছে ৩০ হাজার কেঁচো ১৫ হাজার টাকায় বিক্রি করি।”

সরেজমিনে দেখা যায়, ফুয়ারার বাড়ির উঠোনে একচালা ছনের ছাপড়ার নিচে সিমেন্টের তৈরি পাঁচটি রিংস্লাবে চলছে কেঁচো সার উৎপাদনের কাজ।

কেঁচো সার উৎপাদনের প্রক্রিয়া জানতে চাইলে ফুয়ারা বলেন, প্রতিটি রিংস্লাবে প্রায় দুই হাজার কেজি গোবর, শাক-সবজির উচ্ছিষ্ট অংশ, হাঁস-মুরগির বিষ্ঠা ও কলাগাছ টুকরা টুকরা করে কেটে মেশানো হয়।

“এরপর প্রতিটি রিংস্লাবে অন্তত পাঁচ হাজার কেঁচো ছেড়ে দেওয়া হয়। তারপর চটের বস্তা দিয়ে সেগুলো ঢেকে রাখা হয়।”

কেঁচো সার উৎপাদন করতে একমাস সময় লাগে। এই পাঁচটি স্লাবে পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে কেঁচোর খরচ বাদে তার খরচ হয় এক হাজার টাকা, বলেন তিনি।  

ফু‍য়ারা আরও বলেন, একমাসে ১০ মন কেঁচো সার উৎপাদন হয়। প্রতিকেজি সার দশ টাকা হিসেবে দাম হয় চার হাজার টাকা।

কোঁচো থেকে সার উৎপাদনের পাশাপাশি কেঁচোর বংশ বিস্তারও হচ্ছে। প্রতিটি কেঁচো ৫০ পসয়া হিসেবে বিক্রি করেও আয় হচ্ছে বলে জানান তিনি।  

তিনি বলেন, “এ সার ব্যবহার করে একবিঘা জমিতে লাউ, ডাঁটা, ধনিয়া, লতি, কচু, পুঁইশাক, কলমি শাক চাষ করেছি। সবজি বিক্রি করে বার্ষিক এক লাখ টাকা আয় হচ্ছে।” 

কান্নাজড়িত কন্ঠে ফুয়ারা বলেন, “দুবছর আগে আমাদের অসহায়ত্বের কথা মনে হলে শিউরে উঠি। শুধু স্বামীর একার আয়ে সন্তানদের নিয়ে কত রাতই না উপোস থাকতে হয়েছে। কিন্তু সেই দিন এখন আর নেই। সংসারের আর বিবাদ নেই, ছেলে-মেয়েদের স্কুলে দিয়েছি।”

ফুয়ারা বেগমের পাশাপাশি ফুলছড়ির উপজেলার আরও আনেক নারী ও কৃষককে ভার্মি কম্পোস্ট উৎপাদন করে স্বাবলম্বী হয়েছেন।

বাজে তেলকুপি গ্রামের রহিমা বেগম বলেন, “বাড়িতে কেঁচোর তৈরি জৈব সার দিয়ে দেড় বিঘা জমিতে মরিচ ও এক বিঘা জমিতে গম চাষ করেছি। কিন্তু যারা রাসায়নিক সার দিয়ে মরিচ চাষ করেছে তাদের চেয়ে আমার মরিচ অনেক ভালো হয়েছে।”

প্রথম দিকে এই প্রদ্ধতিতে জৈবসার উৎপাদনের প্রতি এলাকায় অন্যদের একটু অনীহা থাকলেও এখন অনেকেই কেঁচো সার উৎপাদন শুরু করেছে বলে জানান তিনি।

ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের মদনেরপাড়া গ্রামের কৃষক আশুতোষ চন্দ্র বর্মন বলেন, “বাজে তেলকুপি গ্রামের নারীদের কেঁচো সার দেখে কৃষি বিভাগের পরামর্শে নিজেই কেঁচো সার উৎপাদন শুরু করি। একমাসে ২০ মন কেঁচো সার উৎপাদন হয়; যার মূল্য আট হাজার টাকা।”

গণউন্নয়ন কেন্দ্রের (জিইউকে) প্রতিনিধি প্রতিমা চক্রবর্তী জানান, বাড়িতে একটি গরু থাকলে কেচোঁর মাধ্যমে ৩০ দিনে ৬০ কেজি জৈবসার উৎপাদন করা যাচ্ছে। একজন নারী যদি দুই হাজার কেঁচো চাষ করে তাহলে সে মাসে ৬০ কেজি জৈবসার উৎপাদন করতে পারবে।

এছাড়া দুই হাজার কেঁচো থেকে বছরে ৮০ হাজার কেঁচো হবে। এতে একজন নারী শুধু কেঁচো চাষ করেই প্রতি মাসে চার হাজার টাকা আয় করতে পারবেন বলে জানান তিনি।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আ ক ম রুহুল আমিন বলেন, বর্তমানে রাসায়নিক সারের অতি ব্যবহারে জমির উর্বরা শক্তি হ্রাস পাচ্ছে। পরিবেশবান্ধব কেঁচো সার ব্যবহারে রাসায়নিক সারের ব্যবহার কমেছে; এতে মাটির উরবরতা শক্তি বৃদ্ধি পাবে।

গাইবান্ধার প্রায় ৩০০ জন কৃষক কেঁচো সার উৎপাদন করছেন বলে জানান রহুল।