২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

টঙ্গীতে ২ যুবককে কুপিয়ে হত্যা

গাজীপুরের টঙ্গীতে দুই যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে, যাদের একজনকে গভীর রাতে ‘বাড়ি থেকে ডেকে’ নেওয়া হয় এবং তা ‘দেখে ফেলায়’ অন্য জনকে ধরে নিয়ে যাওয়া হয় বলে পরিবারের ভাষ্য।  

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2016, 09:16 AM

Updated : 11 Oct 2022, 08:14 PM

টঙ্গী থানার এসআই জহুরুল ইসলাম জানান, শনিবার রাতে টঙ্গীর বাস্তুহারার চার ব্লকের সাত্তারনগর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন মো. শরিফুল ইসলাম শরিফ (৩২) ও জুম্মন মিয়া (২৪)। তাদের বাড়ি এরশাদনগর এলাকায়।

এসআই জহুরুল বলেন, রোববার সকালে সাত্তারনগর এলাকার একটি ডোবায় তাদের লাশ ভাসতে দেখে থানায় খবর দেন গাজীপুর সিটি করপোরেশনের ৪৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. বাদল মিয়া।

“সকাল সাড়ে ৮টার দিকে লাশ দুটি উদ্ধার করা হয়। তাদের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। শনিবার রাতের কোনো এক সময় তাদের কুপিয়ে হত্যা করা হয়েছে বলে মনে হচ্ছে।”

ঘটনাস্থলে থেকে একট ছুরি উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ দুটি শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানান জহুরুল।

পূর্ব শত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে ধারণা করছে পুলিশ।

নিহত দুজনের বিরুদ্ধে থানায় বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছেন টঙ্গী থানার ওসি মো. ফিরোজ তালুকদার।

“নিহত শরিফ স্বেচ্ছাসেবক লীগ কর্মী এবং জুম্মন খেলনা বিক্রি করতো এবং রিকশা চালাতো।”

নিহত দুজনের স্বজনদের বরাত দিয়ে কাউন্সিলর বাদল মিয়া বলেন, “রাত সাড়ে ১২টার দিকে কয়েকজন যুবক শরিফকে তার বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। রাস্তায় জুম্মন তাদের দেখে ফেলায় তাকেও ধরে নিয়ে যায়।”

যারা ডেকে নিতে এসেছিল, তারা শরিফের পরিচিত এবং ক্লোজড সার্কিট ক্যামেরায় তাদের ছবি রয়েছে বলে দাবি করলেও কারও নাম প্রকাশ করেননি তিনি।