গাজীপুরে পোশাক কারখানায় অগ্নিকাণ্ড
গাজীপুরের টঙ্গীর সাতাইশে পোশাক কারখানা তানাজ ফ্যাশন লিমিটেডে অগ্নিকাণ্ড ঘটেছে।
শনিবার বিকেলে এ অগ্নিকাণ্ডের সময় ৭-৮ জন শ্রমিক আহত হয়েছেন বলেও খবর পাওয়া গেছে, তবে তাদের পরিচয় জানা যায়নি।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারি পরিচালক মো. আক্তারুজ্জামান জানান, বিকেল সাড়ে ৪টার দিকে কারখানার নয়তলা ভবনের তৃতীয় তলায় কার্টনের গুদামে আগুন লাগে।
তৃতীয় তলার গুদাম ভেঙে ফিনিশিং সেকশনে রুপান্তরের কাজ চলছিল।
উত্তরা, টঙ্গী ও জয়দেবপুর ফায়ার স্টেশনের সাতটি ইউনিটের কর্মীরা গিয়ে প্রায় পৌণে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করে।
আগুন নেভাতে গিয়ে ও হুড়োহুড়ি করে নামতে গিয়ে ৭-৮জন শ্রমিক আহত হয়েছেন। তাদের স্থানীয় হাসপাতাল ও ক্লিনিকে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করা সম্ভব হয়নি।
