২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জিঙ্ক ধান চাষে সফল পাবনার চাষিরা

পাবনায় জিঙ্ক সমৃদ্ধ ব্রি-৬৪ ধান চাষে সফল হয়েছেন চাষিরা। তবে এ ধানের উপকারিতা সম্পর্কে প্রচার না থাকায় একই দামে বিক্রি হচ্ছে বাজারে।

সৈকত আফরোজ আসাদ

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2016, 05:31 PM

Updated : 11 Oct 2022, 08:14 PM

উচ্চ ফলনশীল ও পুষ্টিগুণ সমৃদ্ধ এ ধানে রয়েছে মানবদেহের গঠন, বৃদ্ধি, রোগ প্রতিরোধ ও বুদ্ধিমত্তা বিকাশের অন্যতম উপাদান জিঙ্ক। যা শিশুর নিওমোনিয়া, ডায়রিয়া, ম্যালেরিয়া প্রতিরোধেও কার্যকর ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

দেশের দরিদ্র জনগোষ্ঠী জিঙ্কের অভাবজনিত নানা রোগে আক্রান্ত হওয়ায় এ ঘাটতি পূরণে ২০১৪ সালে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের উদ্ভাবন করে জিংক সমৃদ্ধ ধান ব্রি-৬৪।

চলতি বোরো মৌসুমে পাবনায় ৫০ হেক্টর জমিতে চাষ হয়েছে এ ধান।

ফলন বিঘায় ২২/২৫ মণ বলে জানিয়েছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ী পাবনার উপ-পরিচালক বিভূতিভূষণ সরকার।

তিনি বলেন, ১০০ ‍দিনেই ধান উৎপাদন হয়। ফলে খরচও তুলনামূলক কম।

তবে ধানের পুষ্টিগুণ সম্পর্কে প্রচার থাকায় অন্য ধানের দামেই তা বিক্রি হচ্ছে বলে জানান বিভূতিভূষণ।

ভাঙ্গুড়া উপজেলার নুরনগর গ্রামে এ জাতের ধান চাষে ভাল ফলন হওয়ায় কৃষকের মুখেও ফুটেছে হাসি।

নুরনগর গ্রামের কৃষক মো. জুয়েল রানা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কৃষি বিভাগের পরামর্শে চলতি মৌসুমে অল্প কিছু জমিতে এই ধানের পরীক্ষামূলক আবাদ করি। ফলন খুবই ভাল হয়েছে।

“গ্রামের অন্যান্য কৃষকও আমার কাছে এ ধানের আবাদ করার জন্য বীজ চেয়েছেন।”

বিশেষজ্ঞরা জানান, প্রতি কেজি ‘ব্রি ৬৪’ ধানে ১৯ মিলিগ্রাম জিঙ্ক ও নয় শতাংশ আমিষ রয়েছে।

ব্যাপক পরিসরে এ ধানের আবাদ হলে দেশের দরিদ্র জনগোষ্ঠীর জিঙ্কের ঘাটতি পূরণ অনেকটাই সম্ভব হবে বলে মত সংশ্লিষ্টদের।

এ বিষয়ে হার্ভেস্ট প্লাস বাংলাদেশের কুষ্টিয়া কৃষি উন্নয়ন ও গবেষণা কর্মকর্তা সাইফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের দেশের গ্রামাঞ্চলের মানুষ জিঙ্কের অভাবজনিত নানা রোগে ভোগে। গর্ভবতী নারী ও শিশুদের জন্য এ উপাদনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

“দামী খাবার ও ফলমূলে এ উপাদান থাকায় তা ব্যয়বহুল। বর্তমানে ব্রি-৬৪ ধানে এ উপাদান সংযুক্ত থাকায় দরিদ্র মানুষ এখন খুব সহজেই এ চালের ভাত থেকে উপাদানটি গ্রহণ করতে পারবে।”