২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অন্যায় করলে কাউকেই ছাড়ছে না সরকার: ইনু

‘অন্যায় আবদার’ না রাখলে সরকারি কর্মকর্তারা আওয়ামী লীগ নেতাকর্মীদের হাতে নিগ্রহের শিকার হচ্ছেন বলে খালেদা জিয়া যে অভিযোগ করেছেন তা প্রত্যাখ্যান করে হাসানুল হক ইনু বলেছেন, এ ধরনের কাজে কোনো প্রকার ছাড় দিচ্ছে না শেখ হাসিনার সরকার।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2016, 05:41 PM

Updated : 12 Apr 2022, 02:03 AM

শুক্রবার কুষ্টিয়ায় এক অনুষ্ঠানে সাংবাদিকদের এ সংক্রান্ত প্রশ্নে তিনি বলেন, শেখ হাসিনার সরকার বাংলাদেশকে বিচারহীনতার সংস্কৃতি থেকে বের করে এনেছে। এখানে প্রশাসনের কোনো কর্তা লাঞ্ছিত হলে জড়িতদের গ্রেপ্তার করা হচ্ছে; দলের বা জোটের কোনো নেতাকর্মী অন্যায় করলেও তাকে সঙ্গেসঙ্গে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হচ্ছে।

ফেনীতে ইউএনওর উপর হামলায় উদ্বেগ প্রকাশ করে বৃহস্পতিবার এক বিবৃতিতে খালেদা বলেন, “অন্যায় আবদার রক্ষা ও বেআইনি নির্দেশ পালন এবং বিধিবহির্ভূত সম্মান ও সুযোগ দিতে অস্বীকার করলেই রাষ্ট্রীয় কর্তব্য পালনে নিয়োজিত কর্মকর্তারা অহরহ আওয়ামী লীগের নেতা-কর্মীদের হাতে হেনস্তা ও নিগ্রহের শিকার হচ্ছেন।”

‘শাসকদের সরাসরি মদদ ও আস্কারায় তাদের চ্যালা-চামুণ্ডারা’ দেশজুড়ে উচ্ছৃঙ্খলতা ও স্বেচ্ছাচারিতার মাধ্যমে এক নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করেছে বলেও অভিযোগ করেন সাবেক এই প্রধানমন্ত্রী।

খালেদা জিয়া ও সামরিক শাসকদের আমলে বিচারহীনতার সংস্কৃতি ছিল অভিযোগ করে তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি ইনু সাংবাদিকদের বলেন, “সুতরাং যারা বিচারহীনতা ও অপরাধের সঙ্গে জড়িত তারা এখনকার বিচার হওয়ার সংস্কৃতিকে ভালোভাবে দেখছে না।

“এ ক্ষেত্রে বেগম জিয়ার অভিযোগ সঠিক নয়। তবে যে যাই বলুক না কেন, যুদ্ধাপরাধীদেরও রেহাই নেই, মানুষ পোড়ানো খুনিদেরও রেহাই নেই।”

পাকিস্তানও বদলায়নি, জামায়াতও বদলায়নি, বেগম খালেদা জিয়াও বদলায়নি মন্তব্য করে তিনি বলেন, “দেশে-বিদেশে যাদের হাতে রক্তের দাগ তারাই খুনিদের পক্ষে ওকালতি করছেন। এতে বাংলাদেশের কিছু যায়-আসে না।

“বিচারহীনতার সংস্কৃতি থেকে বের হতে একটার পর একটা যুদ্ধাপরাধ, হত্যা, খুন ও দুর্নীতির বিচার চলবে, যাতে দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়।”

সার্কিট হাউজে দলীয় নেতাকর্মীদের সঙ্গে জাসদ সভাপতির এই মতবিনিময় অনুষ্ঠানে অন্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মুজিব উল ফেরদৌস ও অতিরিক্ত পুলিশ সুপার জয়নুল আবেদীন উপস্থিত ছিলেন।

পুরনো খবর:

অসভ্যতার অন্ধকারে দেশ: খালেদা