২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বাস্থ্য সেবা পেতে ‘পাড়ি দিতে হবে ২ ঘণ্টার নৌপথ’

ব্রহ্মপুত্রর ভাঙনের কবলে পড়ার শঙ্কায় গাইবান্ধার ফুলছড়ির ফজলপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সেবা কেন্দ্র ভেঙে ফেলা হচ্ছে।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2016, 07:00 PM

Updated : 11 Oct 2022, 08:13 PM

কয়েক দিনের ভাঙনে শতাধিক ঘরবাড়ি, সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাদ্রাসা ও আবাদী জমি নদী গর্ভে চলে গেছে উল্লেখ করে ফজলুপুর ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদিন জালাল বলেন, “শীঘ্রই ফজলপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার সেবা কেন্দ্রটিও নদী গর্ভে চলে যেত।

“স্বাস্থ্য কেন্দ্রটি ভেঙে নিয়ে যাওয়ায় ফজলুপুরের মানুষ দিশেহারা হয়ে পড়েছে। এখন তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার মত কোন স্বাস্থ্যসেবা কেন্দ্র আর থাকল না।

“স্বাস্থ্য সেবা পেতে হলে তাদের নৌপথে ২ ঘণ্টা পথ পাড়ি দিয়ে বালাসীঘাট হয়ে গাইবান্ধা অথবা রংপুরে যেতে হবে।”

এতে চরাঞ্চলের ৫ হাজার পরিবারের শিশু ও মাতৃসেবাসহ স্বাস্থ্য সেবা ঝুঁকির মুখে পড়েছে বলেন তিনি।

চরাঞ্চলের স্বাস্থ্য সেবা দিতে ২০১০ সালে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা প্রকৌশল অধিদপ্তর উত্তর খাটিয়ামারীতে ৯৮ লাখ টাকা ব্যয়ে এই স্বাস্থ্য কেন্দ্র নির্মাণ করে।

পরিবার পরিকল্পনা বিভাগের গাইবান্ধা উপ-পরিচালক মো. দেওয়ান মোর্শেদ কামাল জানান, এই ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রটি স্থানীয় জনগোষ্ঠীর প্রাথমিক স্বাস্থ্য সেবার চাহিদা অনেকটা পূরণ করে আসছিল।

কেন্দ্রটি ভেযে ফেলায় এলাকার মানুষের স্বাস্থ্য সেবা হুমকির মধ্যে পড়েছে বলে স্বীকার করেন ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুর রহমান মোল্লা।

তিনি জানান, যেন স্বাস্থ্য সেবা তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয় সে বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।

পরিবার পরিকল্পনা বিভাগের গাইবান্ধা উপ-পরিচালক মো. দেওয়ান মোর্শেদ কামাল বলেন, “একমাত্র ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রটি স্থানীয় জনগোষ্ঠীর প্রাথমিক স্বাস্থ্য সেবার চাহিদা অনেকটা পূরণ করে আসছিল।

নদী ভাঙনের কবলে পড়ায় গত ১৪ এপ্রিল ১ লাখ ১২ হাজার ২০০ টাকায় নিলামে বিক্রি করা হয় কেন্দ্রর ভবনটি। ভবনটি ভাঙাও শুরু করেছে।