‘ইয়াবা দিয়ে ফাঁসানোর চেষ্টা’, এএসআইসহ দুই পুলিশ প্রত্যাহার
ইয়াবা দিয়ে এক ব্যবসায়ীকে ফাঁসানোর চেষ্টার অভিযোগে শরীতপুরের নড়িয়া থানার এক এএসআই ও কনস্টেবলকে পুলিশে দিয়েছে স্থানীয়রা।
মঙ্গলবার রাতে এ ঘটনার পর থানা থেকে তাদের প্রত্যাহার করে পুলিশ লাইনে পাঠানো হয়েছে বলে জানান নড়িয়া থানার ওসি মো. ইকরাম আলী মিয়া।
এরা হলেন এএসআই মোস্তাফিজুর রহমান ও করস্টেবল ইব্রাহিম হোসেন।
মঙ্গলবার রাতে নড়িয়া উপজেলার ঘড়িষাড় বাজারের রেইনবো ইতালিয়ান আইসক্রিম অ্যান্ড ফাস্টফুড দোকানে এ ঘটনা ঘটে।
ওসি বলেন, নিয়মতান্ত্রিকভাবে ওই এলাকায় অভিযানে না যাওয়ায় পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।এ কারণে তাদের প্রত্যাহার করা হয়।
ঘড়িষাড় গ্রামের কাঞ্চন মীর বলেন, ঘড়িষাড় বাজারের রেইনবো ইতালিয়ান আইসক্রিম অ্যান্ড ফাস্টফুড দোকানে যান এএসআই মোস্তাফিজ ও কনেস্টবল ইব্রাহীম। এসময় দোকানের মালিক খলিলুর রহমানকে দোকানে থাকা ফ্রিজ সরাতে বলেন তারা।
“খলিল ফ্রিজ সরাতে গেলে এএসআই মোস্তাফিজ ফ্রিজের নিচে একটি প্যাকেট ফেলে। আর প্যাকেটটি ফেলার সময় দোকানের কাস্টমাররা তা দেখে ফেলে।”
পরে ওই প্যাকেট বের করে পুলিশ খলিলকে ইয়াবা রাখার অপরাধে আটকের চেষ্টা করে।এক পর্যায়ে বাজারের ব্যাবসায়ীরা এসে দুই পুলিশকে আটক করে থানায় খবর দেয় বলে জানান তিনি।
এ ব্যাপারে এএসআই মোস্তাফিজের মোবাইলে ফোন দিলে তিনি কোনো কথা বলতে রাজি হননি।
সহকারী পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) ম. তানভীর আহম্মেদ বলেন, স্থানীয়রা পুলিশকে ঘেরাও করার খবর পেয়ে নড়িয়া থানার ওসিকে নিয়ে ঘটনাস্থলে যাই। যাকে পুলিশ আটক করেছে তার কাছে ইয়াবা ছিল না বলে স্থানীয় লোকজনের দাবি।
“এছাড়া তারা সেখানে যাওয়ার আগে নড়িয়া থানার ওসিকে অবহিত করে যায়নি। তাই ওই দুই পুলিশ সদস্যকে ক্লোজ করা হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।”
