বিষ খাইয়ে হত্যা, সৎ মায়ের ফাঁসির আদেশ
যশোরে সাত বছর আগে সৎ ছেলেকে বিষ খাইয়ে হত্যার দায়ে এক নারীকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
বুধবার যশোরে বিশেষ জেলা ও দায়রা জজ নিতাই চন্দ্র রায়ের আদালত এ দণ্ড দেয় বলে জানান পিপি বদরুজ্জামান পলাশ জানান।
দণ্ডপ্রাপ্ত বিলকিস বেগম ঝিকরগাছা উপজেলার বালিয়া গ্রামের আয়তুল্লা খোমিনের স্ত্রী। তিনি জামিন নিয়ে পলাতক রয়েছেন।
মামলার নথির বরাত দিয়ে পিপি জানান, ২০০৯ সালের ১৪ অক্টোবর স্বামীর প্রথম পক্ষের সন্তান সাত বছর বয়সী রাব্বিকে ভাতের সঙ্গে কীটনাশক মিশিয়ে খাওয়ান বিলকিস। এতে রাব্বির মৃত্যু হলে ভাতের সঙ্গে বিষ মিশিয়ে খাওয়ানোর কথা স্বীকার করেন তিনি।
‘পরদিন রাব্বির চাচা মোমিনুর রহমান বাদী হয়ে একটি হত্যা মামলা করেন। আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেন বিলকিস।’
২০১০ সালে ৯ এপ্রিল পুলিশ আদালতে অভিযোগপত্র দেয়। একই বছরের ৮ সেপ্টেম্বর জামিন নিয়ে বের হন বিলকিস।
