২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাগুরায় সড়ক দুর্ঘটনায় ইবি শিক্ষকসহ নিহত ২

মাগুরায় প্রাইভেটকার ও কর্ভাডভ্যান সংঘর্ষে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক শিক্ষক ও তার গাড়িচালক নিহত ও দুইজন আহত হয়েছেন।

মাগুরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2016, 11:10 AM

Updated : 12 Apr 2022, 02:02 AM

বুধবার সকাল সাড়ে ৮টার দিকে মাগুরা শহরতলির পারনান্দুয়ালী কেন্দ্রীয় বাস টার্মিনালের ৩ নম্বর ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে সদর থানার ওসি আজমল হুদা জানান।

নিহতরা হলেন বিশ্ববিদ্যালয়ের দাওয়া ও ইসলামী স্টাডি বিভাগের শিক্ষক আব্দুল্লাহ জাহাঙ্গীর ও তার গাড়িচালক সেন্টু মল্লিক।

আহত আসাদ (৫০) ও বাহাউদ্দিনকে (৪০) মাগুরা সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

হতাহত সবার বাড়ি ঝিনাইদহ বলে ওসি জানান।

মাগুরা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মনিরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে আব্দুল্লাহসহ আরও দুইজন প্রাইভেটকারে করে ঝিনাইদহ থেকে ঢাকা যাচ্ছিলেন।

“পথে মাগুরার পারনান্দুয়ালীতে বিপরীতমুখী একটি কর্ভাডভ্যানের সঙ্গে সংঘর্ষ হলে প্রাইভেটকারের চালকসহ চারজন আহত হন।

তাদের মাগুরা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল্লাহ ও সেন্টুকে মৃত ঘোষণা করেন বলে ওসি জানান।

হাসপাতালের চিকিৎসক মুক্তাদির রহমান জানান, উন্নত চিকিৎসার জন্য আসাদ ও বাহাউদ্দিনকে ঢাকায় পাঠানো হয়েছে।