শিলাইদহ কুঠিবাড়িতে রবীন্দ্র উৎসব সমাপনী
রবীন্দ্রনাথের ১৫৫তম জন্মবার্ষিকী উপলক্ষে কবির স্মৃতিবিজড়িত কুষ্টিয়ার শিলাইদহের কুঠিবাড়িতে তিন দিনের রবীন্দ্র উৎসব শেষ হয়েছে।
মঙ্গলবার রবীন্দ্রনাথের জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই অনুষ্ঠান সমাপ্ত হয়।
আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ।
তিনি বলেন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর শুধু সাহিত্যচর্চা ও কাব্যরচনার মধ্যেই সীমাবদ্ধ ছিলেন না। তিনি আমাদের সমাজ ব্যবস্থার উত্তরণের জন্য ভূমিকা রেখেছেন।
“আজ আমরা যে মাইক্রোক্রেডিটের মাধ্যমে সমাজ পরিবর্তনের স্বপ্ন দেখি, রবীন্দ্রনাথ ঠাকুরই প্রথম তা চালু করেন। তিনি তার নোবেল পুরস্কারের অর্থ গ্রামের মানুষের মাঝে ঋণ দিয়ে তাদের স্বাবলম্বী করার চেষ্টা করেন। হাজার বছর ধরে নয়, অনন্তকাল ধরে মানুষ এই রবীন্দ্রনাথ ঠাকুরকে স্মরণ করবে।”
অনুষ্ঠানে জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন পুলিশ সুপার প্রলয় চিসিম, জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী, লেখক শেখ গিয়াস উদ্দিন আহমেদ প্রমুখ।
আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন বিভিন্ন এলাকা থেকে আসা শত শত মানুষ।
