২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাহাঙ্গীরনগরে ডিন নির্বাচনে সরকার সমর্থকদের জয়

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিনেটে শিক্ষক প্রতিনিধি নির্বাচন ও শিক্ষক সমিতির নির্বাচনের পর ডিন নির্বাচনেও সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন সরকার সমর্থক শিক্ষকেরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2016, 12:32 AM

Updated : 20 Aug 2022, 12:41 PM

মঙ্গলবারের এ নির্বাচনে পাঁচটি অনুষদের মধ্যে চারটিরই ডিন নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ সমর্থক ‘বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ’ প্যানেলের শিক্ষকেরা।

অপর একটি অনুষদে স্বতন্ত্র প্রার্থী জয়লাভ করেন। অন্যদিকে বিএনপি সমর্থক শিক্ষকরা তিনটি অনুষদে প্রার্থী দিলেও একটিতেও জয় পাননি।

বিশ্ববিদ্যালয়ের ছয়টি অনুষদের মধ্যে আইন অনুষদে কোনো অধ্যাপক বা সহযোগী অধ্যাপক না থাকায় এ অনুষদে নির্বাচন হয়নি।

বাকি পাঁচটি অনুষদে নির্বাচন হলেও একটি অনুষদে একক প্রার্থী থাকায় বিনা ভোটে তিনি নির্বাচিত হওয়ায় কার্যত চারটি অনুষদের ডিন নির্বাচনে ভোট দেন শিক্ষকরা।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয় শিক্ষক ক্লাবে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে বেলা আড়াইটার দিকে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক আবুবকর সিদ্দিক ফল ঘোষণা করেন।

নির্বাচনে ৪৫৯ জন শিক্ষকের মধ্যে ৪৪০ জন ভোট দেন বলে জানান তিনি।

নির্বাচনে সমাজ বিজ্ঞান অনুষদে টানা দ্বিতীয় মেয়াদে ডিন নির্বাচিত হয়েছেন অধ্যাপক আমির হোসেন। অর্থনীতি বিভাগের এই অধ্যাপক পেয়েছেন ৫৮ ভোট।

পরিসংখ্যান বিভাগের অধ্যাপক অজিত কুমার মজুমদার গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদে ৫৭ ভোট পেয়ে ডিন নির্বাচিত হয়েছেন।

জীববিজ্ঞান অনুষদে আওয়ামী লীগ সমর্থক প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক আবদুল জব্বার হাওলাদার ৪৫ ভোট পেয়ে ফের ডিন নির্বাচিত হয়েছেন।

গত মেয়াদে বিএনপি সমর্থকদের দখলে থাকা কলা অনুষদে এ বছর ডিন নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী ড. মো. মোজাম্মেল হক। প্রত্নতত্ত্ব বিভাগের এই অধ্যাপক পেয়েছেন ৬০ ভোট।

এদিকে কোনো প্রার্থী না থাকায় বিজনেস স্টাডিজ অনুষদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ডিন নির্বাচিত হয়েছেন ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সহযোগী অধ্যাপক নীলাঞ্জন কুমার সাহা। তিনি এর আগে এই অনুষদের ভারপ্রাপ্ত ডিনের দায়িত্ব পালন করছিলেন।

জয়ের প্রতিক্রিয়ায় ‘বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ প্যানেলের প্রার্থী অধ্যাপক মো. আমির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নির্বাচনেরফলে আমরা খুশি। আমরা সবাই মিলে বিশ্ববিদ্যালয়ের সর্বক্ষেত্রে শান্তি, প্রগতি, উন্নয়ন ও জবাবদিহি প্রতিষ্ঠা করার চেষ্টা চালাব।”

স্বতন্ত্র প্রার্থী কলা ও মানবিকী অনুষদের নবনির্বাচিত ডিন অধ্যাপক মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নির্বাচন সুষ্ঠু হয়েছে। স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমাকে নির্বাচিত করায় এই অনুষদের সকল শিক্ষককে শুভেচ্ছা জানাই।”