সহপাঠীকে পিটিয়ে হত্যা
নরসিংদীতে সপ্তম শ্রেণিতে পড়ুয়া এক কিশোরকে ক্রিকেট ব্যাট দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার দুই সহপাঠীর বিরুদ্ধে।
মঙ্গলবার দুপুরে শহরের ব্রাহ্মন্দীর খালপাড় এলাকায় এ ঘটনায় আরও একজন আহত হয়েছে বলে জানান নরসিংদী সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মঞ্জুর মোর্শেদ।
নিহত পারভেজ মিয়া (১৩) নরসিংদী আইডিয়াল হাইস্কুলের সপ্তম শ্রেণির ছাত্র।
আহত নুরুল আমিনকে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পারভেজের বাবা সাত্তার মিয়া বলেন, প্রতিদিনের মতো টিফিন খাওয়ার জন্য স্কুল থেকে বের হয় পারভেজ মিয়া ও নুরুল আমিন। স্কুল থেকে বের হওয়ার পর দুই সহপাঠী তাদের ডেকে খালপাড় এলাকায় নিয়ে যায়।
“সেখানে ৪/৫ জন মিলে ক্রিকেট ব্যাট দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে পারভেজ ও নুরুল আমিনকে খালে ফেলে দেয়।”
তিনি বলেন, খবর পেয়ে স্কুলের শিক্ষকরা ঘটনাস্থল থেকে তাদেরকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে। অবস্থার অবনতি হলে ঢাকায় নেওয়ার পথে পারভেজের মৃত্যু হয়।
পুলিশ কর্মকর্তা মঞ্জুর মোর্শেদ বলেন, পারভেজের লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনা তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
এ ব্যাপারে সাত্তার মিয়া বাদী হয়ে নরসিংদী সদর মডেল থানায় একটি হত্যা মামলা করেছেন।
