২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভুয়া ওয়ারেন্টে প্রাক্তন স্ত্রীকে হাজতবাস

ফেনীর আদালত থেকে ভুয়া ওয়ারেন্ট ইস্যু করে এক নারীকে ১৪ দিন কারাভোগ করালেন প্রাক্তন স্বামী।

নাজমুল হক শামীম

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2016, 08:07 PM

Updated : 12 Apr 2022, 02:01 AM

মঙ্গলবার মুক্তি পেয়েছেন ঢাকার সাভার উপজেলার ভাদাইল গ্রামের মাজেদা আক্তার। গত ২৬ এপ্রিল তাকে আটক করা হয়।

মাজেদার আইনজীবী মো. হাবিব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ২০১৫ সালে মাজেদা ও সাইফুল ইসলাম প্রধানিয়ার বিয়ে বিচ্ছেদ হয়। বিচ্ছেদের পর সাইফুলের কাছে দেনমোহরের ১০ লাখ ও বিভিন্ন সময় ধার নেওয়া ৮৫ লাখ টাকা দাবি করে আদালতে মামলা করেন মাজেদা।

“এরপর মাজেদাকে ফাঁসানোর জন্য মাজেদা ও তার দ্বিতীয় স্বামী আল আমিনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন মামলায় ভুয়া ওয়ারেন্ট তৈরি করেন সাইফুল।”

ওই ওয়ারেন্ট দেখিয়ে গত ২৬ এপ্রিল মাজেদাকে গ্রেপ্তার করেন আশুলিয়া থানার এএসআই শাহজালাল এবং পরে তার দ্বিতীয় স্বামী আল আমিনও আটক হন বলে আইনজীবী জানান।

মাজেদাকে ঢাকার আদালতে পাঠানো হলে সেখান থেকে ফেনী পাঠানো হয়। কিন্তু ফেনীর আদালতে মাজেদার নামে কোনো মামলা না থাকায় এবং যে বিচারকের স্বাক্ষরে ওয়ারেন্ট ইস্যু করা হয় সেই নামে কোনো বিচারকের অস্তিত্ব না থাকায় মাজেদাকে মুক্তি দেওয়া হয়।

ফেনী জজ কোর্টের আইনজীবী নুরুল ইসলাম মজুমদার সোহাগ বলেন, ফেনীর নারী ও শিশু নির্যাতন আদালতে ‘এসএম শফি কামাল’ নামে কোনো বিচারক না থাকলেও ‘এসএম শফি কামাল’ স্বাক্ষরিত ওয়ারেন্টের ভিত্তিতে মাজেদাকে গ্রেপ্তার করা হয়।

“ওয়ারেন্ট ভুয়া হওয়ায় ফেনী জেলা ও দায়রা জজ আদালতের বিচারক দেওয়ান মো. শফি উল্যাহ সোমবার বিকালে মাজেদা আক্তারকে অব্যাহতির নির্দেশ দেন।”

ওই মামলায় মাজেদার দ্বিতীয় স্বামী আল আমিন ঢাকা কারাগারে বন্দি রয়েছেন বলে আইনজীবী জানান।