২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যৌতুকের দাবিতে স্ত্রী হত্যার দায়ে মৃত্যুদণ্ড

টাঙ্গাইলে যৌতুকের দাবিতে স্ত্রী হত্যার দায়ে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2016, 09:57 PM

Updated : 20 Aug 2022, 12:39 PM

সোমবার টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শরীফ উদ্দিন আহমেদ আসামির উপস্থিতিতে এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত আবুল হোসেনের বাড়ি বাসাইল উপজেলার সোনালিয়া গ্রামে।

এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় আবুল হোসেনের দ্বিতীয় স্ত্রী জালানি বেগমকে খালাস দেওয়া হয়েছে বলে আদালত পরিদর্শক মো. আনোয়ারুল ইসলাম জানান।

মামলার নথির বরাত দিয়ে আনোয়ারুল ইসলাম জানান, ১৯৯৮ সালের ১৫ই জুলাই স্ত্রী খোদেজা বেগমকে বাবার বাড়ি থেকে ব্যবসা করার জন্য ১০ হাজার টাকা এনে দিতে বলেন আবুল হোসেন। স্বামীর কথা মতো বাবার বাড়ি করটিয়া কলেজ পাড়ায় যান খোদেজা এবং তিন হাজার টাকা নিয়ে আসেন।

“টাকা কম আনায় আবুল হোসেন ক্ষিপ্ত হয়ে দ্বিতীয় স্ত্রী জালানি বেগমকে নিয়ে খোদেজাকে মারধর করে। এর এক পর্যায়ে খোদেজা মারা যায়।”

এ ঘটনায় খোদেজার চাচা শহিদুল ইসলাম শহিদ বাদী হয়ে আবুল হোসেন ও জালানি বেগমকে আসামি করে বাসাইল থানায় একটি হত্যা মামলা করেন বলে জানান আদালত পরিদর্শক।