ট্রাকচাপায় ট্রাফিক সহযোগী নিহত
নওগাঁ শহরের বাইপাস সড়কে ট্রাকচাপায় ট্রাফিকের এক সহযোগী নিহত হয়েছেন।
সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে শাহাজান আলী (৪০) মারা যান বলে সদর মডের থানার ওসি জাকির হোসেন জানান।
নিহত শাহাজান সদর উপজেলার বোয়ালিয়া গ্রামের মনোয়ার হোসেনের ছেলে।
ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শাহাজান শহরের বাইপাস মোড়ে ট্রাফিকের সহযোগী হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করছেন।
“সোমবার দুপুরে দ্রুতগামী একটি ট্রাককে থামতে বললে চালক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এ সময় শাহাজান ঘটনাস্থলেই মারা যান।”
লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে ওসি জাকির জানিয়েছেন।
