মোল্লা সল্টের সেপটিক ট্যাংকে নেমে ৩ শ্রমিকের মৃত্যু
নারায়ণগঞ্জের ফতুল্লায় মোল্লা সল্ট কারখানার সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে বিষাক্ত গ্যাসে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। অসুস্থ হয়ে পড়েছে আরও সাত জন।
সোমবার দুপুরে ধর্মগঞ্জ এলাকায় মোল্লা সল্ট ইন্ডাস্ট্রিজে এ ঘটনা ঘটে বলে ফতুল্লা মডেল থানার ওসি কামাল হোসেন জানান।
মৃতরা হলেন, পটুয়াখালীর তালি তাবুনিয়া কলাপাড়া এলাকার নিজামউদ্দিনের ছেলে শাহাবুদ্দিন (৩৮) ও মাছুয়াখালী খেপুপাড়া এলাকার নাসির তালুকদারের ছেলে আলমাছ (২৮) ও ইব্রাহিম।
অসুস্থদের মধ্যে তিন জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও দুই জনকে নারায়ণগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক তাহমিনা নাজনীন বলেন, বিষাক্ত গ্যাস শ্বাসনালীতে চলে যাওয়ায় ওই শ্রমিকদের মৃত্যু হয়েছে। অসুস্থদের মধ্যে দুই শ্রমিককে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।
ওসি বলেন, মোল্লা সল্ট ইন্ড্রাস্ট্রিজে (লবণ কারখানা) সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নামে ১০ শ্রমিক। ট্যাংকের বিষাক্ত গ্যাসে অসুস্থ হয়ে পড়লে তাদের নারায়ণগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শাহাবুদ্দিন ও আলমাছকে মৃত ঘোষণা করেন।
“গুরুতর অসুস্থ ইব্রাহিম, জাহাঙ্গীর, অলি এবং মাসুদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন ইব্রাহিমের মৃত্যু হয়।”
