ফরিদপুরে হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন
ফরিদপুরে এক অটোরিকশা চালককে হত্যা মামলায় তিন জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
সোমবার বিকালে ফরিদপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. জাহিদুল ইসলাম আসামিদের উপস্থিতিতে এ রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন ভাঙ্গা উপজেলার দক্ষিণ আকন বাড়িয়া গ্রামের উচমান চোকদার, হাসান চোকদার ও মামুন মাতুব্বর।
মামলার নথির বরাত দিয়ে আদালতের পিপি খসরুজ্জামান দুলু জানান, ২০১১ সালের জানুয়ারিতে আকন বাড়িয়া গ্রামের অটোরিকশা চালক মো. রিপন শেখকে (৩৫) ভাড়ার কথা বলে নিয়ে যায় আসামিরা। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন।
“পরে ১৭ মার্চ পাশ্ববর্তী মাদারীপুর জেলার শিবচর এলাকায় রিপনের গলিত লাশ উদ্ধার করে পুলিশ। গায়ের কাপড় ও পায়ের জুতা দেখে রিপনের পরিবার লাশ শনাক্ত করে।”
এই ঘটনায় ১৯ মার্চ রিপনের স্ত্রী সালমা বেগম বাদী হয়ে তিন জনকে আসামি করে ভাঙ্গা থানায় হত্যা মামলা করেন।
