ঘের কর্মচারীকে গলাকেটে হত্যা
সাতক্ষীরার কলারোয়ায় এক ঘের কর্মচারীকে গলাকেটে হত্যা করা হয়েছে।
এ ঘটনার পর পুলিশের এক এসআই, দুই কনস্টেবল ও এক ইউপি সদস্যকে কুপিয়ে পালানোর সময় আটক করা হয়েছে হামলাকারী সাজু হোসেনকে।
সাজু উপজেলার বসন্তপুর গ্রামের শের আলীর ছেলে।
কলারোয়া থানার ওসি শেখ আবু সালেহ মোহাম্মদ মাসুদ করিম জানান, সোমবার দুপুরে ওই গ্রামের একটি মাছের ঘেরে এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল মান্নান (২৩) যশোরের কেশবপুর উপজেলার দত্তকোনা গ্রামের ইসমাইল গাজীর ছেলে।
আহত খোর্দ্দ পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক তানভির হোসেন, কনস্টেবল কমলেশ, অহিদুল ইসলাম ও ইউপি সদস্য জয়দেব সাহাকে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি বলেন, কেশবপুর উপজেলার পাজিয়া গ্রামের আব্দুল খালেক বসন্তপুর গ্রামে এক মাছের ঘের করছেন। আব্দুল মান্নান গাজী ওই ঘেরের কর্মচারী।
“সোমবার দুপুরে মান্নান ও তার স্ত্রী ঘের পাহারা দিচ্ছেলেন। এ সময় সাজু পেছন থেকে দা দিয়ে মান্নানকে কুপিয়ে শরীর থেকে মাথা আলাদা করে ফেলে।”
তিনি বলেন, ঘটনার পর সাজু পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তাকে আটকের চেষ্টার সময় পার্শ্ববর্তী খোর্দ্দ পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক তানভির হোসেন, কনস্টেবল, কমলেশ, অহিদুল ইসলাম ও স্থানীয় ইউপি সদস্য জয়দেব সাহাকে কুপিয়ে জখম করে।
তবে কী কারণে মান্নানকে হত্যা করা হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি বলে জানান ওসি।
