টঙ্গীতে কারখানায় অগ্নিকাণ্ড
টঙ্গীতে একটি গার্মেন্ট এক্সেসরিজ কারখানায় আগুন লেগে প্রিন্টিং বিভাগের মালামাল পুড়ে গেছে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আক্তারুজ্জামান লিটন জানান, সোমবার ভোর ৪টার দিকে পাগার এলাকার জাবের অ্যান্ড জোবায়ের এক্সেসরিজ কারখানায় এ অগ্নিকাণ্ড ঘটে।
আক্তারুজ্জামান বলেন, খবর পেয়ে টঙ্গী ও জয়দেবপুর ফায়ার স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
“আগুনে চারটি সিঙ্গেল কালার অফসেট প্রিন্টিং মেশিনসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে।”
বৈদ্যুতিক গোলযোগ থেকে ওই কারখানায় আগুনের সূত্রপাত হয় বলে ফায়ার সার্ভিস কর্মীদের ধারণা। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তারা।
কারখানার ডিজিএম মো. আদিল চৌধুরী বলছেন, আগুনে পুড়ে তাদের প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।
