সরকারি জমি দখল করে বানানো পার্ক ভেঙে দিল প্রশাসন
নোয়াখালীর জেলা শহর মাইজদীতে সরকারি জমি দখল করে স্থাপিত পৌর ড্রিমপার্ক গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন।
রোববার আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালত এই উচ্ছেদ অভিযান পরিচালনা করে বলে জানান গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী একিউএম শাহজালাল মজুমদার।
নাগরিক সমাজের বাধা উপেক্ষা ও হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপিত পার্কটি ভাঙার খবরে সকাল থেকে বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধিদের পাশাপাশি বিপুল সংখ্যক উৎসক জনতার ভিড় করে।
“এনিয়ে ২০১৫ সালের জানুয়ারি মাসে সংস্কৃতি কর্মী ও নাগরিক সমাজের পক্ষ থেকে আদালতে মামলা হয়। একই সময় পৌরসভার বিরুদ্ধে সরকারি জায়গা জবর দখলের মামলা করে গণপূর্ত বিভাগ।এরপর কিছুদিন কাজ বন্ধ রাখা হলেও এই বছরের শুরুর দিকে আবার প্রাচীর তৈরি, দীঘির পাড় ভরাটসহ পার্কের নির্মাণ কাজ শুরু হয়।”
নোয়াখালী নাগরিক অধিকার মোর্চার যুগ্ম আহ্বায়ক মোল্লা হাবিবুর রাছুল মামুন বলেন, আমাদের ইতিহাস ঐতিহ্যের অংশ বড় দীঘির পাড়ে উন্মুক্ত স্থানে ১৫ ফুট উঁচু দেয়াল তুলে বাণিজ্যিক পার্ক করার প্রতিবাদে নাগরিক সমাজের পক্ষ থেকে বিক্ষোভ সমাবেশসহ নানা কর্মসূচি পালন করা হয়। জনগণের প্রতিবাদকে পৌরসভা তোয়াক্কা না করলেও এই অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়ায় প্রশাসনের প্রতি মানুষের শ্রদ্ধাবোধ বাড়বে
“পৌরসভা সরকারি জায়গা বাণিজ্যিক পার্কের জন্য বেসরকারি প্রতিষ্ঠানের হাতে তুলে দেয়। পৌর কর্তৃপক্ষের এই অপকর্মের বিরুদ্ধে প্রশাসনের উদ্যোগকে আমরা স্বাগত জানাই।”
