নিখোঁজের দুইদিন পর বাড়ির পাশে শিশুর লাশ
জামালপুরের সরিষাবাড়ীতে নিখোঁজের দুইদিন পর এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার উপজেলার ভোরারবাড়ী গ্রাম থেকে ওই শিশুর লাশ উদ্ধার করা হয় বলে সরিষাবাড়ী থানার ওসি বিল্লাল হোসেন জানান।
নিহত আশিকুর রহমান (৮) ওই এলাকার নুরুল ইসলামের ছেলে এবং স্থানীয় অ্যাকটিভ কিন্ডার গার্টেনের প্রথম শ্রেণির ছাত্র।
এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।
ওসি বলেন, শুক্রবার সন্ধ্যায় বাড়ির পাশে অন্য শিশুদের সঙ্গে খেলছিল আশিকুর। এরপর থেকে তাকে পাওয়া যাচ্ছিল না।
“রোববার সকালে বাড়ির পাশের একটি সেতুর নিচে শিশুটির লাশ দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা।”
পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়।
হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে গ্রামের বাবলু, সবুজ ও জবান আলীকে আটক করা হয়েছে বলে জানান ওসি।
