২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচনী সংঘাত: সাদুল্লাপুরে গুলিতে নিহত ১

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীর কর্মী-সমর্থকদের সাথে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংর্ঘষে একজন নিহত ও প্রশাসনের কর্মকর্তাসহ ৩০ জন আহত হয়েছে।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2016, 01:41 AM

Updated : 20 Aug 2022, 12:39 PM

রংপুর-ঢাকা মহাসড়কের ধাপেরহাট বন্দরের ফাইভ স্টার মোড় এলাকায় শনিবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে বলে সাদুল্লাপুর থানার ওসি ফরহাদ ইমরুল কাওসার জানান।

নিহত লেবু মণ্ডল (৩২) স্থানীয় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের নৈশ্য প্রহরী ও রংপুরের পীরগঞ্জ উপজেলার জামদানি গ্রামের আবদুল কাদের মণ্ডলের ছেলে।

ওসি ফরহাদ বলেন, ধাপেরহাট ইউনিয়নের ১২টি ভোট কেন্দ্রের মধ্যে ১০টির ফল স্থানীয়ভাবে ঘোষণা করা হলেও মধ্য নিজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও আরাজী ছত্রগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ফল ঘোষণা না করে উপজেলা সদরে কনট্রোল রুমে নিয়ে আসা হয়।

ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এ ঘটনায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রফিকুল ইসলাম নওশার কর্মী-সমর্থকরা সন্ধ্যা সাড়ে ৭টায় সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট বাজার এলাকায় অবস্থান নিয়ে রংপুর-ঢাকা মহাসড়ক অবরোধ করে।

“রাত ৯টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু রায়হান দোলনের নেতৃত্বে বিজিবি, পুলিশ ও আনছার সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাদের সরে যেতে বললে তারা বিক্ষোভ করে পুলিশের দুটি গাড়ি ভাংচুর করে।”

স্থানীয়রা জানায়, পুলিশ টিয়ারশেল ও গুলি ছুড়লে বিক্ষোভকারীরা ইট-পাটকেল নিক্ষেপ করে। এ সময় মহাসড়কের পশ্চিম পাশে অবস্থিত স্থানীয় রাজশাহী কৃষিব্যাংকের দোতালায় অবস্থানরত লেবু মণ্ডল গুলিবিদ্ধ হন।

ওসি ফরহাদ বলেন, লেবুকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে রাত ১১টার দিকে মারা যান।

সংঘর্ষে ইউএনও, পুলিশ, বিজিবি ও আনছার সদস্যসহ কমপক্ষে ৩০ জন আহত হন বলে ওসি জানান।