২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আহসান উল্লাহ মাস্টার হত্যা: মামলার চূড়ান্ত নিষ্পত্তির দাবি

গাজীপুরের প্রয়াত সংসদ সদস্য আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলায় পলাতক আসামিদের দেশে ফেরত আনাসহ মামলার চূড়ান্ত নিষ্পত্তি দাবি করেছে তার পরিবার।

আবুল হোসেন

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2016, 07:33 PM

Updated : 20 Aug 2022, 12:39 PM

শনিবার আহসান উল্লাহ মাস্টারের ১২তম মৃত্যুবাষির্কী উপলক্ষে এক অনুষ্ঠান শেষে এ দাবি করেন তার ভাই মতিউর রহমান মতি।

২০০৪ সালের ৭ মে সন্ত্রাসীরা গাজীপুরের টঙ্গীর নোয়াগাঁও এমএ মজিদ মিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এক জনসভায় আহসান উল্লাহ মাস্টারকে গুলি করে হত্যা করে।

ঘটনার পরদিন নিহতের ভাই মতিউর রহমান টঙ্গী থানায় ১৭ জনের বিরুদ্ধে মামলা করেন।

এই মামলায় ২০০৫ সালের ১৬ এপ্রিল বিচারিক আদালত বিএনপির নেতা নূরুল ইসলাম সরকারসহ ২২ জনের মৃত্যুদণ্ড এবং ছয়জনের যাবজ্জীবন কারাদণ্ড দেয়।

দণ্ডিতদের মধ্যে ইতিমধ্যে দুইজন মারা গেছেন এবং ১৭ আসামি কারাগারে ও অপর নয় আসামি পলাতক।

মতিউর রহমান বলেন, “আমার ভাইয়ের খুনিরা ফ্রান্স, সুইডেন, ইতালিসহ বিভিন্ন দেশে পালিয়ে বেড়াচ্ছেন। তাদের ইন্টারপোলের সহায়তায় দেশে ফিরিয়ে এনে দ্রুত বিচার সম্পন্ন করা হোক।”

Image
প্রয়াত সংসদ সদস্য আহসান উল্লাহ মাস্টার

প্রয়াত সংসদ সদস্য আহসান উল্লাহ মাস্টার

এ মামলায় বিচারিক আদালতের দেওয়া রায়ের বিরুদ্ধে হাই কোর্টে ডেথ রেফারেন্স ও জেল আপিলের শুনানি চলছে জানিয়ে তিনি বলেন, “এ বছরের ২১ জানুয়ারি থেকে এ পর্যন্ত প্রায় ১৫ কার্যদিবস প্রাথমিক শুনানি হয়েছে। রোববার থেকে চূড়ান্ত শুনানি শুরু হবে।”

চলতি মাসেই শুনানি শেষে হতে পারে বলে আশা প্রকাশ করেন মতিউর রহমান।

পুরনো খবর:

আহসান উল্লাহ মাস্টার হত্যা: হাই কোর্টে শুনানি চলছে