২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিপুল ইয়াবাসহ ভুয়া উপসচিব আটক

কক্সবাজার বিমানবন্দর থেকে সাড়ে ২৩ হাজার ইয়াবা ট্যাবলেটসহ পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব পরিচয় দেওয়া এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2016, 09:21 PM

Updated : 11 Oct 2022, 08:11 PM

শুক্রবার বিকাল ৫টার দিকে আটক শহিদুর রহমানের (৪০) কাছে বেশ কয়েকটি বিজনেস কার্ড পাওয়া গেছে বলে সদর থানার এসআই মো. আব্দুর রহিম জানান।

এসআই বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আটক ব্যক্তির প্রকৃত নাম শহিদুর রহমান হলেও বিজনেস কার্ডে তার নাম মো. খোরশেদ আলম লেখা রয়েছে।

“নভোএয়ারে কক্সবাজার থেকে ঢাকা যাত্রার প্রাক্কালে তল্লাশির সময় শহিদুর রহমান বিমানবন্দরে দায়িত্বরত কর্মচারীদের কাছে নিজকে উপসচিব পরিচয় দিয়ে বিজনেস কার্ড দেখান এবং নানা হুমকি দেন। পরে জিজ্ঞাসাবাদে পাওয়া যায় তার প্রকৃত পরিচয়।”

তিনি ঢাকার ধানমন্ডির ৭ নম্বর এলাকায় বসবাসকারী মুজিবুর রহমানের ছেলে বলে এসআই জানান।

বিমানবন্দরের কর্মীদের বরাত দিয়ে এসআই বলেন, “এর আগেও শহিদুর রহমান নিজেকে উপসচিব পরিচয় দিয়ে একাধিকবার ঢাকা-কক্সবাজার বিমানে আসা-যাওয়া করেছেন। তল্লাশি করতে চাইলে তিনি হুমকি দিতেন।

“এবার বিমানবন্দরের কর্মীরা পুলিশে খবর দিলে তাকে তল্লাশি করে ২৩ হাজার ৪০০ ইয়াবা পাওয়া যায়।”

এ ব্যাপারে সদর থানায় মামলা করা হবে বলে এসআই আব্দুর রহিম জানান।