বরিশালে কোকাকোলার ডিপোতে মেয়াদোত্তীর্ণ পানীয়
বরিশালে কোকাকোলার আঞ্চলিক ডিপো থেকে বিপুল মেয়াদোত্তীর্ণ কোমল পানীয় জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। পরে ওই প্রতিষ্ঠান থেকে জরিমানা আদায় করা হয়।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শফিকুল ইসলামের নেতৃত্বে শুক্রবার নগরীর উপকণ্ঠ কালিজিরা বাজারে পরিচালিত অভিযানে বিএসটিআই কর্মচারী ও র্যাব সদস্যরা অংশ নেন।
ম্যাজিস্ট্রেট শফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, বৃহস্পতিবার রাতে নগরী থেকে ট্রাক ভরতি মেয়াদোত্তীর্ণ পানীয় আটক করে র্যাব-৮।
“পরে গোপন খবরের ভিত্তিতে শুক্রবার দুপুরে কালিজিরা বাজারে কোকাকোলার ডিপোতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ফান্টা, কোকাকোলা ও স্প্রাইট জব্দ করা হয়।”
ওই সময় এই তিন ব্র্যান্ডের প্রায় ৫০ হাজার লিটার পানীয় ফেলে দেওয়া হয় বলে জানান ম্যাজিস্ট্রেট শফিকুল।
ওইসব মেয়াদোত্তীর্ণ কোমল পানীয়ের বোতলে নতুন করে তারিখ বসানোর প্রমাণও মিলেছে বলে দাবি করেন তিনি।
ম্যাজিস্ট্রেট আরও বলেন, এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালতের বিচারে মেয়াদোত্তীর্ণ পণ্য বাজারজাতকরণের অপরাধে প্রতিষ্ঠানটিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
প্রতিষ্ঠানের বরিশাল আঞ্চলিক বিক্রয় ব্যবস্থাপক (আরএসএম) রুমাত আশরাফ জরিমানার টাকা পরিশোধ করেছেন বলে জানান শফিকুল।
